সুন্দরবন থেকে ফিরল অপহৃত ১০ শিশু শ্রমিক
সুন্দরবনে দুবলা থেকে অপহৃত ১০ শিশু শ্রমিককে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় এক অপহরণকারীকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে জেলার শরণখোলার মাঝেরকেল্লার পাশে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধাররা হলেন- মো. রেণু মিয়া, মো. টুটুল মিয়া, মো. মানিক হোসেন, মো হৃদয়, মো. আক্তার, মো.আল-আমিন, মো আমির হোসেন, মো. রিমন, মো. আরিফ, মো. পারভেজ।
আটক অপহরণকারীর নাম মো. নুরুল হক। তিনি চট্রগ্রামের বাশখালীর কুচুরী এলাকার ফরিদ মিয়া ছেলে।
কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট বিএনভিআর আব্দুল্লাহ আর মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাঝেরকেল্লা এলাকায় অভিযান চালিয়ে ১০ শিশু শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এ সময় এক অপহরণকারীকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, দেশের বিভিন্ন স্থান থেকে কাজের জন্য শিশু শ্রমিকদের দুবলাচরের শুঁটকি পল্লীতে আনে অপহরণকারীরা। তবে ঘূর্ণিঝড় ‘বুলবুল’র সময় এক শিশু শ্রমিক ঘটনাটি কোস্টগার্ডকে অবগত করলে উদ্ধার কাজ পরিচালনা করা হয়। উদ্ধার করা ১০ শিশু ও আটককে শরণখোলা হস্তান্তর করা হবে।