রাজশাহী মেডিকেলে আরো দুজনের প্রাণহানি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টার মধ্যে তারা মারা যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে একজন করোনা সংক্রমণে মারা গেছেন। তিনি পাবনা জেলার বাসিন্দা। অন্যজন রাজশাহী জেলার বাসিন্দা। করোনা নেগেটিভ সত্ত্বেও নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। মারা যাওয়া দুজনই পুরুষ। তাদের বয়স ৬১ বছরের ওপরে।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় আরো একজন মারা গেছেন।
এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১৬ জন। একদিন আগেও এ সংখ্যা ছিল ১৮ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন পাঁচজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন চারজন। করোনা ধরা পড়েনি ভর্তি সাতজনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগী ভর্তি হননি। এ একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েও যাননি কেউ।
বর্তমানে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নওগাঁর চারজন, নাটোরের তিনজন, পাবনার দুজন ও কুষ্টিয়ার দুজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ৮৫টি নমুনা পরীক্ষায় একজনের করোনা ধরা পড়েছে। রাজশাহী জেলার ৩৫টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে একজনের। তবে নাটোরের ২৪টি নমুনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ২৬টি নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।