যশোরে ভারত ফেরত দুইজন করোনায় আক্রান্ত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন করে নমুনা পরীক্ষা শুরুর প্রথম দিন দুই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।
যবিপ্রবিতে নমুনা পরীক্ষা কার্যক্রমের বর্তমান টিম লিডার বিশ্ববিদ্যালয়ের বায়োমেট্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ড. হাসান মো. আল ইমরান এই তথ্য নিশ্চিত করেছেন।
যে দুটি নমুনাকে পজিটিভ বলে চিহ্নিত করা হয়, সেই দুই ব্যক্তি ভারতফেরত। বেনাপোল হয়ে দেশে ঢোকার পর শার্শায় কোয়ারেন্টাইনে থাকাকালে এদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয় বলে জানিয়েছেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ওই দুইজন এখনো শার্শায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন। রিপোর্ট পজিটিভ আসায় তাদের হোম না প্রাতিষ্ঠানিক আইসোলেশনে নেয়া হবে, সেই সিদ্ধান্ত এখনো হয়নি। দুইজনই পুরুষ এবং বাড়ি যশোর সদর উপজেলায়।
এ দুইজনকে নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০৯ জনে। যা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে সর্বাধিক।
গত ২০ মে সুপার সাইক্লোন আম্ফান আঘাত করার দিন যবিপ্রবি ল্যাব বন্ধ হয়ে যায়। এরপর রোববার ফের নমুনা পরীক্ষা শুরু হয়। যশোরসহ এই অঞ্চলের সাত জেলার সিভিল সার্জনকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হলেও প্রথম দিন মাত্র ১৮টি নমুনা পাঠানো হয়। যশোর জেলা থেকে সংগ্রহ করা অন্য ২৮টি নমুনা জেলা সিভিল সার্জনের অফিস পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ ল্যাবে পাঠিয়ে দেয়। অন্য ছয়টি জেলার সিভিল সার্জন অফিস এদিন যবিপ্রবিতে কোনো নমুনা পাঠায়নি।