ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছুটির দিনে বাণিজ্য মেলায় দর্শনার্থীদের ভিড়

হবিগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:১১, ১ ফেব্রুয়ারি ২০২০
ছুটির দিনে বাণিজ্য মেলায় দর্শনার্থীদের ভিড়
ছবি : ডেইলি বাংলাদেশ

ছুটির দিনে হবিগঞ্জ কৃষি শিল্প বাণিজ্য মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।শনিবার সকাল ৯টায় গেট খোলার সঙ্গে সঙ্গে মেলায় প্রবেশ করতে থাকেন দর্শনার্থীরা। সকালের প্রথম প্রহরে দর্শনার্থীদের সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে পড়ে মেলা প্রাঙ্গণ। 

শনিবার দুপুরে শহরের নিউফিল্ড মাঠে সরেজমিনে মেলা ঘুরে দেখা যায়, মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে তরুণী ও শিশুদের উপস্থিতিই বেশি। মেলার চারদিকে গৃহস্থালি এবং শিশু ও নারী সামগ্রীর স্টলগুলোতে লেগে আছে উপচে পড়া ভিড়। কোনো কোনো দর্শনার্থী পণ্য দেখছেন আবার কোনো কোনো দর্শনার্থী পণ্য ক্রয় করছেন। এছাড়াও এবারের হবিগঞ্জ বাণিজ্য মেলায় শিশুদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। শিশুদের জন্য এবারের মেলার প্রধান আকর্ষণ হলো ওয়াটার বল ও ট্রেন ভ্রমণ। তবে ট্রেন ভ্রমণের চেয়ে ওয়াটার বল খেলার প্রতিই শিশুদের বেশি ভিড় লক্ষ্য করা গেছে। শিশুদের বলের ভেতরে প্রবেশ করিয়ে ভাসিয়ে দেয়া হচ্ছে পানিতে। আর এতে করে শিশুরা তাদের ইচ্ছে মতো উপভোগ করছে আনন্দ। 

মেলায় পরিবার নিয়ে ঘুরতে আসা মামুন চৌধুরী বলেন, আজ ছুটির দিন। তাই বাচ্চাদের নিয়ে মেলায় ঘুরতে এসেছি। বাচ্চারা তাদের ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছে। বাচ্চাদের জন্য বেশ কিছু কেনাকাটা করেছি। এছাড়া বাচ্চারা ওয়াটার বল খেলায় অংশ নিয়েছে। তারা পানির উপর ভেসে বলের ভেতর থেকে খুব আনন্দ উপভোগ করেছে। 

শিক্ষার্থী রুবি আক্তার বলেন, কলেজে ক্লাস শেষে আমরা বান্ধবীরা মিলে মেলায় ঘুরতে এসেছি। মেলার চার পাশ ঘুরে দেখেছি খুব ভালো লেগেছে। 

শাহীনুর রহমান নামে এক বিক্রেতা বলেন, ছুটির দিন থাকায় সকাল থেকেই মেলায় দর্শনার্থী বেশি রয়েছে। ধীরে ধীর কেনা কাটাও বাড়ছে। 

হবিগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোতাচ্ছিুরুল ইসলাম বলেন, হবিগঞ্জে শিশু কিশোরদের বিনোদনের কোনো স্থান নেই। তাই এবারের মাস ব্যাপী চলা বাণিজ্য মেলায় শিশুদের অগ্রাধিকার দেয়া হয়েছে। শিশুরা তাদের বিনোদন উপভোগ করছে। পাশাপাশি এবারের বাণিজ্য মেলায় অন্যবারের তুলনায় বেশি সংখ্যক দর্শনার্থী আসছে। 

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (অপারেশন) দৌস মোহাম্মদ বলেন, বাণিজ্য মেলাকে ঘিরে পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে করে মেলায় আগত কোনো দর্শনার্থী বিড়ম্বনার শিকার না হন সে জন্য মেলায় পুলিশের কন্ট্রোল রুম রয়েছে। সাংর্বক্ষণিক পুলিশ সদস্যরা অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে। 


 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!