চীনে অপরাধ কমাতে বাধ্যতামূলক ‘ফেইস স্ক্যান’
চীনে মোবাইলের মাধ্যমে সংঘটিত অপরাধের প্রবণতা কমানোর জন্য নতুন সিম রেজিস্ট্রেশনের পাশাপাশি ফেইস স্ক্যান বাধ্যতামূলক করেছে দেশটির সরকার।
এই নিয়মের কথা গত সেপ্টেম্বর মাসে ঘোষণা করা হলেও রোববার থেকে কার্যকর করেছে চীন। দেশটির কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারীর পরিচয় পেতেই দেশটি এ পদক্ষেপ নিয়েছে।
চীনের সরকার বলছে, সাইবার জগতে সব নাগরিকের বৈধ অধিকার এবং স্বার্থরক্ষার জন্য এই নিয়ম করা হয়েছে। সাধারণত বিশ্বের অন্য দেশের মতো চীনেও মোবাইল ফোনের সেবা নিতে জাতীয় পরিচয়পত্র দেখাতে হয় এবং ছবি তুলতে হয়। কিন্তু এখন থেকে মোবাইল সেবা নিতে গেলেও তাদের মুখের ছবি স্ক্যান করতে হবে। যাতে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ছবি মিলিয়ে পরিচয় নিশ্চিত করা যায়।
.png)
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চীনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি নিয়ে গবেষণা করেন জেফরিং ডিং।
নতুন এই নিয়ম সম্পর্কে তিনি বলেন, চীনের এই উদ্যোগের মূললক্ষ্য হলো সাইবার নিরাপত্তা বৃদ্ধি করা এবং অনলাইনে প্রতারণা বন্ধ করা। তবে একই সঙ্গে হয়তো জনগণের ওপর আরো বেশি নজরদারি করতে চায় চীন।
সরকার যে পরিমাণ তথ্য সংগ্রহে রাখছে এবং যেভাবে সারাক্ষণ তাদেরকে পর্যবেক্ষণ করচ্ছে তাতে অনেকেই এ নিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।