ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়ে অবৈধ নেটওয়ার্ক বুস্টার বিক্রি, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়ে অবৈধ নেটওয়ার্ক বুস্টার বিক্রি, গ্রেফতার ৫
ছবি: সংগৃহীত

ফেসবুক ও হোয়াটসঅ্যাপে প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়ে অবৈধ নেটওয়ার্ক বুস্টার ও রেডিও ট্রান্সমিটার বিক্রি চক্রের মূল হোতাসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মূলহোতা মো. জাহাঙ্গীর আলম, মো. ফয়সাল হোসেন, মো. আশিক শেখ, মো. শরিফুল ও মো. রাসেল। মঙ্গলবার রাজধানীর নিউমার্কেটের একটি বেসরকারি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার রাজধানীর টিকাটুলিতে র‍্যাব-৩ প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

Advertisement

তিনি বলেন, চক্রটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দিয়ে দীর্ঘদিন ধরে রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে নেটওয়ার্ক বুস্টার ও রেডিও ট্রান্সমিটার কিনে দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে বিক্রি করছিল।

র‍্যাব-৩ এর অধিনায়ক বলেন, রেডিও ট্রান্সমিটার ও নেটওয়ার্ক বুস্টার টুজি, থ্রিজি এবং ফোরজি মোবাইল নেটওয়ার্কের কার্যক্ষমতাকে প্রভাবিত করতে সক্ষম। এ কারণে বিভিন্ন অপরাধীরা অপরাধ করতে উচ্চমূল্যে এসব অবৈধ যন্ত্রপাতি কিনে দুর্গম এলাকায় বসে অপরাধ করে আসছিল। এসব যন্ত্র ব্যবহার করে অপরাধীরা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়ানোর চেষ্টা করে।

লেফটেন্যান্ট কর্নেল আরিফ বলেন, তারা ফোরজি রাউটার আমদানির নামে এসব যন্ত্রাংশগুলো বাংলাদেশের বাজারে নিয়ে আসে। এছাড়া বিভিন্ন চোরাই পথের মাধ্যমেও এসব যন্ত্রাংশ আমদানি করে থাকে। পরবর্তীতে তারা হোয়াটসঅ্যাপে বা সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে এসব যন্ত্রাংশগুলো উচ্চমূল্যে বিভিন্ন অপরাধী চক্রের কাছে বিক্রি করতো। চক্রটি বিগত ৫ বছরে অজস্র রেডিও ট্রান্সমিটার ও নেটওয়ার্ক বুস্টার বিক্রয় করেছে। চক্রটি প্রতি সেট এন্টেনা ২০ হাজার টাকা এবং প্রতি সেট রেডিও ট্রান্সমিটার ৬ থেকে ৭ হাজার টাকার বিনিময়ে গ্রাহকদের কাছে বিক্রয় করে আসছে।

তিনি আরো বলেন, বিটিআরসির অনুমোদন ব্যতিত এসব যন্ত্র এবং যন্ত্রাংশ কেনাবেচা দণ্ডনীয় অপরাধ। চক্রটি ৫ বছর ধরে অবৈধভাবে নেটওয়ার্ক বুস্টার ও রেডিও ট্রান্সমিটার বিক্রি করছে। চক্রের মূল হোতা জাহাঙ্গীর দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। এরপর কিছুদিন একটি মোবাইল কোম্পানির সেলসম্যান হিসেবে চাকরি করে। ২০১৪ সালে ঢাকায় এসে সিসি ক্যামেরা মেরামত ও ইনস্টল করার কাজ শুরু করে। পরবর্তীতে নিজেই নিউমার্কেট এলাকায় ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যবসার আড়ালে আমদানি নিষিদ্ধ এসব বুস্টার, ট্রান্সমিটার ব্যবসা শুরু করে। তার সহযোগী আশিক, শরিফুল ও রাসেল সবাই ইলেকট্রনিকস ডিভাইসের অভিজ্ঞ হওয়ায় জাহাঙ্গীর তার ব্যবসাকে প্রসারিত করার জন্য তাদের দলে ভেড়ায়। তারা টেকশপ বিডি নামে ই-কমার্স ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্রাংশ বিক্রি করে আসছে।

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চক্রটির মূল হোতা জাহাঙ্গীরসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১২টি নেটওয়ার্ক বুস্টার, ১৬ টি বুস্টার আউটডোর এন্টিনা, তিন টি রেডিও ট্রান্সমিটার, ১২ টি বুস্টার ইনডোর এন্টিনা, তিনটি বুস্টার ক্যাবল, ১৮ টি কনভার্টার, ১৫ টি চার্জার, ১০ টি মোবাইল ফোন, ২০ টি সিমকার্ড, তিনটি হাতঘড়ি, একটি ড্রাইভিং লাইসেন্স, দুটি এনআইডি কার্ড, ৩৪টি এটিএম কার্ড ও নগদ ৯ হাজার ৫৩০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এসব অবৈধ ডিভাইস বিক্রয়কারী চক্রের বিরুদ্ধে র‍্যাবের নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!