গ্রেফতারকৃত জাহিদ বিভিন্ন হাসপাতালে রোগীর স্বজন সেজে ঘোরেন, এরপর মোবাইল, টাকা চুরি করে পালিয়ে যান।
মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মোহসীন জানান, জাহিদ একজন ছিঁচকে চোর। সবাই সাধারণত নিজে অসুস্থ হলে কিংবা কোনো স্বজন অসুস্থ হলে হাসপাতালে যায়। কিন্তু জাহিদ হাসপাতালে যান চুরি করতে। তিনি দেশের বিভিন্ন হাসপাতালে হাসপাতালে ঘোরেন। সেখানে রোগীর স্বজন বলে পরিচয় দেন। এরপর রাতে সেখানেই অবস্থান করেন। সবাই যখন ঘুমিয়ে পড়ে তখনই জাহিদ রোগী এবং রোগীদের স্বজনদের মোবাইল, মানিব্যাগ, ভ্যানিটি ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র চুরি করে পালিয়ে যান।
.png)
তিনি আরো জানান, ৭ বছর ধরে জাহিদ এভাবে সিলেট, গাইবান্ধা, টাঙ্গাইল, কুমিল্লা, সিরাজগঞ্জ, পাবনা, নড়াইল, যশোরের বিভিন্ন হাসপাতালে চুরি করে আসছিলেন। শনিবার রাতেও তিনি মিরপুরের বিআইএইচএস হাসপাতালে যান এবং রোগীর স্বজন পরিচয় দিয়ে বসে থাকেন। ভোর সাড়ে ৪টার দিকে সবাই ঘুমিয়ে পরলে তিনি ৫ম তলার ৫০৭ নম্বর ক্যাবিনে ঢুকে মোবাইল চুরির চেষ্টা করেন। কিন্তু এ সময় রোগীর ঘুম ভেঙে গেলে তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।