ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৬, ১০ সেপ্টেম্বর ২০২৩
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে ৩
ফাইল ফটো

রাজধানীতে পৃথক স্থানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন তিনজন। রোববার দুপুর থেকে বিকেলের মধ্যে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন- আসাদগেট থেকে মো. জাহাঙ্গীর আলম, সায়েদাবাদ থেকে মো. মাসুদ ও ধানমন্ডি থেকে শমসের। তাদের অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে তাদের পাকস্থলী ওয়াশ করার পর মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

ভুক্তভোগী জাহাঙ্গীরের ছেলে মো. আরাফাত জানান, তাদের বাসা লালবাগ আমলিগোলা এলাকায়। তার বাবা উত্তরায় একটি কোম্পানিতে চাকরি করেন। সকালে উত্তরা যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। এক পর্যায়ে জানতে পারেন তার বাবা আসাদগেট এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। পরে পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে আসেন।

Advertisement

তিনি আরো জানান, পথচারীরা জানিয়েছেন- বাসের ভেতর তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তবে তার মোবাইল ফোন পাওয়া গেছে। তার কাছ থেকে কী নিয়ে গেছে তা জানা যায়নি।

মাসুদের সহকর্মী রবিউল ইসলাম জানান, মাসুদের বাসা যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায়। শ্যামপুর ঢাকা ম্যাচ এলাকায় একটি ডায়িং কারখানায় কাজ করেন। সকালে কাজে নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় গিয়েছিলেন মাসুদ। সেখান থেকে বাসে করে কর্মস্থলে ফেরার পথে বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন মাসুদ।

তিনি আরো জানান, মাসুদের পকেটে থাকা মোবাইল ফোন থেকে পথচারীদের মাধ্যমে সংবাদ পেয়ে সায়েদাবাদ থেকে তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়। তার কাছে কিছু টাকা-পয়সা ছিল। সেগুলো পাওয়া যায়নি।

ধানমন্ডি থানার এএসআই শফিউর রহমান জানান, ধানমন্ডি ১২/এ রোডে শমসেরকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তার কাছ থেকে কিছু খোয়া গেছে কিনা জানা যায়নি। তাকে ঢামেকে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর পৃথক স্থানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া তিনজনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!