রাজধানীতে বাসের ভেতর অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন মো. আসান আলী (৪০) নামে এক প্রবাসী। শুক্রবার বিকেলে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী মো. আসান আলীর বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাহাড়পুর গ্রামে। তার বাবার নাম হামাদ আলী।
.png)
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া বসুমতি পরিবহনের বাসচালক মো. হাসান জানান, গাজীপুর থেকে বাস নিয়ে গাবতলী যাচ্ছিলেন তিনি। পথে বিমানবন্দর এলাকা এলে আসান আলী তার বাসে উঠেন।
বাসটি গাবতলী পৌঁছালে সিটে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন তিনি। পরে বাস থেকে নামিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান। তার সঙ্গে একটি পাসপোর্ট ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, পাকস্থালী পরিষ্কার করানোর পরে মো. আসান আলীকে মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়েছে। তার সঙ্গে থাকা পাসপোর্ট থেকে নাম-পরিচয় জানা গেছে। ধারণা করা হচ্ছে, বিদেশ থেকে আজই দেশে ফিরেছেন তিনি।