মোহাম্মদপুর থানার আজিজ মহল্লা এলাকায় বুধবার রাতে নির্মাণাধীন ভবনের রড চুরির অভিযোগে ঐ কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়। আকাশ স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক বলেন, এক কিশোরকে হত্যার অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা করলে জড়িতদের গ্রেফতার করা হবে।
.png)
তিনি আরো বলেন, নির্মাণাধীন ভবনটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। এ ভবনে কয়েকজন শ্রমিক থাকতেন। তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে পরিবারের অভিযোগ।
নিহতের স্বজনরা জানান, আকাশ চুরির সঙ্গে জড়িত নয়। বন্ধুদের সঙ্গে সে ঐদিকে আড্ডা দিত। গতকাল রাতে আকাশ বাসায় ফেরেনি। আজ ভোরে একজন ফোন করে জানায়, আকাশ অসুস্থ। পরে আমরা তাকে বাসায় নিয়ে গেলে সে আরো অসুস্থ হয়ে পড়ে। পানি খেতে চাইলে তাকে পানি দেওয়া হয়। এরপরই সে মারা যায়।
ঐ কিশোরের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, রাতভর মারধরের পর ভোরে পরিবারকে জানানো হয়। বাসায় নেয়ার পরেই মৃত্যু হয়। নির্যাতনের ঘটনায় জড়িতরা সবাই নির্মাণাধীন ভবনের শ্রমিক। ঘটনার পর থেকেই নির্মাণাধীন ভবনের সবাই পলাতক।