ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

দিনভর গরমে অস্বস্তি, সন্ধ্যায় স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৬, ১৬ জুন ২০২৩
দিনভর গরমে অস্বস্তি, সন্ধ্যায় স্বস্তির বৃষ্টি
ছবি: সংগৃহীত

দিনভর ভ্যাপসা গরমে নাকাল ছিল রাজধানীবাসী। মাঝেমধ্যে সূর্যের দেখা মিললেও অধিকাংশ সময় আকাশ ছিল মেঘলা। বিকেল নাগাদ ঘন কালো মেঘে ঢেকে যায় চারপাশ। সন্ধ্যার দিকে শুরু হয় প্রতীক্ষিত বৃষ্টি। বজ্রপাত আর মুষলধারের বৃষ্টিতে ভেসে যায় ঢাকা। সারাদিনের অস্বস্তিকর গরমের পর এই বৃষ্টির মাঝেই স্বস্তি খুঁজে পেয়েছে রাজধানীবাসী।

আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাজশাহী ও খুলনা বিভাগ ছাড়া দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

Advertisement

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, রংপুর, দিনাজপুর, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!