ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

একসঙ্গে মদপান-ঘোরাফেরা, শেষে গলায় ছুরি চালিয়ে হত্যাচেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৮, ২৭ মে ২০২৩
একসঙ্গে মদপান-ঘোরাফেরা, শেষে গলায় ছুরি চালিয়ে হত্যাচেষ্টা
গ্রেফতারকৃত সাগর ও শাহেদ- ফাইল ফটো

রাজধানীর মিরপুরে এক বন্ধুকে গলা কেটে হত্যাচেষ্টার ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে মিরপুরের লাভ রোডে এ ঘটনা ঘটে। 

গ্রেফতারকৃতরা হলো- সাগর ও শাহেদ। মাত্র ২ হাজার টাকার জন্য বন্ধু জাহাঙ্গীর আলমের গলায় ছুরি চালায় তারা।

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, জাহাঙ্গীর একজন ড্রাইভার ও মোটর মেকানিক। তার বন্ধু সাগর এবং শাহেদও মোটর মেকানিক। জাহাঙ্গীরের কাছ থেকে দুই হাজার টাকা পেত সাগর। সেই টাকা নিয়ে দুজনের মধ্যে বাক্‌বিতণ্ডা হয়। কথা কাটাকাটিকে কেন্দ্র করেই শাহেদের সঙ্গে মিলে জাহাঙ্গীরকে হত্যার পরিকল্পনা করে সাগর।

Advertisement

গ্রেফতারকৃতদের বরাতে ওসি জানান, প্রথমে তিন বন্ধু মোটরসাইকেলে চড়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঘোরে। শাহেদ মোটরসাইকেল চালায়, সাগর পেছনে বসে আর মধ্যে বসানো হয় জাহাঙ্গীরকে। মাঝে তারা মদপান করে। রাত পৌনে ১২টার দিকে লাভ রোড এলাকায় পৌঁছাতেই জাহাঙ্গীররের গলায় ছুরি চালায় সাগর। এরপর চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দেয়। গলাকাটা অবস্থায় জাহাঙ্গীর হেঁটে হেঁটে কিছু দূর যায় এবং কয়েকজনের কাছে সহযোগিতা চায়। কিন্তু তার অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায়।

ওসি মহসীন জানান, খবর পেয়ে পুলিশ জাহাঙ্গীরকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে জাহাঙ্গীর শঙ্কামুক্ত হলেও তার শ্বাসনালি কেটে গেছে। এ ঘটনায় জাহাঙ্গীরের বাবা আব্দুল হালিম মামলা করেছেন। দুই আসামি সাগর ও শাহেদকে রাতেই গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাচেষ্টায় ব্যবহৃত ছুরি, মোটরসাইকেল এবং আসামিদের রক্তমাখা জামা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!