ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

নিউ সুপার মার্কেটে আগুন: সূত্রপাত কোথায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৩, ১৫ এপ্রিল ২০২৩
নিউ সুপার মার্কেটে আগুন: সূত্রপাত কোথায়
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) লোক রাত ৩টার দিকে নিউ মার্কেট-গাউছিয়া পাকা ব্রিজ ভাঙার কাজ করছিল। ব্রিজের ওখানে আমাদের বিদ্যুতের লাইন আছে সেটা তারা খেয়াল করেনি। ঐ লাইনের ওপর বুলডোজার চালানোর সময়ই আগুনের সূত্রপাত হয়। কোনো পরিকল্পনা ছাড়াই ব্রিজ ভাঙার কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে।

শনিবার দুপুরে এ অভিযোগ করেন রাজধানীর নিউ সুপার মার্কেটের মালিক সমিতির সভাপতি মো. শহিদুল্লাহ। তবে এই অভিযোগ নাকচ করে দিয়েছে ডিএসসিসি। তারা বলছে, অগ্নিকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বলেন, অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কেটটি নিউ মার্কেট-গাউছিয়া পাকা ব্রিজ থেকে বেশ দূরে। এই অগ্নিকাণ্ডের সঙ্গে সিটি কর্পোরেশনের কোনো সম্পর্ক নেই। ঈদ বাজার বিবেচনায় নিয়ে রাতে সিটি কর্পোরেশন ঝুঁকিপূর্ণ ফুটওভার ব্রিজ অপসারণে যায়। অগ্নিকাণ্ডে আমাদের টিম কাজ শেষ করে চলে আসে। এর প্রায় ৩০ মিনিট পর আগুনের ঘটনা ঘটে।

Advertisement

তিনি আরো বলেন, নিউ মার্কেট-গাউছিয়া পাকা ব্রিজ অপসারণের সময় আমাদের সঙ্গে বিদ্যুৎ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যে প্রযুক্তি ব্যবহার করে কাজ করা হয়েছে, এ ক্ষেত্রে বিদ্যুতের শর্টসার্কিট হয়ে অগ্নিকাণ্ড হওয়ার কোনো কারণ নেই।

এর আগে শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে রাজধানী নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। একে একে ৩০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো আগুন পুরোপুরি নেভেনি। আগুন নেভাতে আরো সময় লাগবে বলে জানায় ফায়ার সার্ভিস।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!