সরেজমিনে দেখা গেছে, আগুন লাগার পর থেকেই অতি উৎসাহী জনতা সেখানে ভিড় করেন। ক্রমশ আগুনের সঙ্গে জনতার ভিড়ও বাড়তে থাকে। এতে দমকল বাহিনীর গাড়ি নিয়ে আসা এবং অন্যান্য তৎপরতা চালাতে অসুবিধায় পড়তে হচ্ছে। অবশ্য আশপাশের অনেকেই তাদের সাধ্যমতো আগুন নেভানোর তৎপরতায় যোগ দেন।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের এলাকার সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে বঙ্গবাজারের পার্শ্ববর্তী এলাকায় যানজট দেখা দেয়। বন্ধ করে দেওয়া হয় বঙ্গবাজার-গুলিস্তান, হানিফ ফ্লাইওভারের চাঁনখারপুল অভিমুখী লেন ও বঙ্গবাজার থেকে শিক্ষা ভবন অভিমুখী সড়ক।
.png)
এদিকে, আগুনের তীব্রতা বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়েছে বঙ্গবাজারের পেছনের পুলিশ সদরদফতরেও।
এর আগে আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা ১২ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে রাজধানীর ফায়ার সার্ভিসের সব কয়টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।