ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৬, ১ অক্টোবর ২০২২
খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় বাসা পরিবর্তন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টের পর মো. ইসহাক হাওলাদার (৬০) নামের ঐ শ্রমিককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা কামরুল ইসলাম জানান, খিলগাঁও তালতলা বাজার এলাকায় নিচ তলার একটি বাসার মালামাল অন্য জায়গায় নেয়ার সময় স্টিলের আলমারিতে বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লেগে ইসহাক বিদ্যুৎস্পৃষ্ট হয়। 

পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ইসহাক হাওলাদেরর গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী থানার বিল্লু গ্রামে। বর্তমানে খিলগাঁও তালতলা এলাকায় থাকতেন। নিহতের দুই ছেলে ও দুই মেয়ে আছে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!