ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

বাসায় ছিলেন না বাবা-মা, বন্ধুকে ডেকে এনে লাশ হলেন দুই যুবক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৪, ২৫ মে ২০২২
বাসায় ছিলেন না বাবা-মা, বন্ধুকে ডেকে এনে লাশ হলেন দুই যুবক
ফাইল ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরের মুসলিমবাগের সুরভী কারখানার পাশে একটি বাসায় মো. মেরাজ (২০) ও রুবেল (১৯) নামে দুই যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ ধারণা করছে, বাবা-মা বাসায় না থাকায় রাতে নেশাজাতীয় কিছু খেয়ে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে মেরাজকে উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন। এছাড়া রুবেলও ঘটনাস্থলেই মারা যায়।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক অনিরুদ্ধ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আমরা ৯৯৯ খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে রুবেল নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মেরাজ নামের একজনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান তিনি মারা গেছেন।

আরো পড়ুন> যাত্রাবাড়ীতে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসার নামে প্রতারণা, গ্রেফতার ২

তিনি বলেন, মেরাজ লালবাগ একটি প্লাস্টিক কারখানায় কাজ করতেন। গতকাল (মঙ্গলবার) মেরাজের বাবা নিজের বাড়ী মুন্সিগঞ্জ বেড়াতে যান। এই সুযোগে রাতে রুবেল নামে একজনকে বাসায় ডেকে আনেন তিনি। রাতে তারা হয়তো কিছু খেয়েছিল। কারণ মেরাজ ও রুবেলের মুখ দিয়ে কিছু একটা বের হচ্ছিল যা সন্দেহজনক। 

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, মেরাজের বাবা-মা বাসায় না থাকায় নেশাজাতীয় কিছু খেয়ে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে। মেরাজের পরিচয় পাওয়া গেলেও এখনো রুবেলের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তার মরদেহ এখনো ঘটনাস্থলে রয়েছে। আর মেরাজকে ঢামেক হাসপাতালে নেয়ায় তার মরদেহ বর্তমানে জরুরি বিভাগের মর্গে রাখা আছে। দুজনের ময়নাতদন্ত সম্পন্ন হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ঘটনাটি কামরাঙ্গীরচর থানা পুলিশ অবগত আছে। বিষয়টি তারাই তদন্ত করছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: মাদক
লিংক সফলভাবে কপি হয়েছে!