গুলশানে উচ্চ শব্দে হর্ন বাজানোয় ১২ জনকে জরিমানা
উচ্চ শব্দের হর্ন বাজানোর জন্য রাজধানীর গুলশান-২ নম্বরে গোল চত্বর এলাকায় ১২ জনকে জরিমানা ও ১৫ জনকে সতর্ক করেছে পরিবেশ অধিদফতর।
পরিবেশ অধিদফতরের পরিচালক (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা শাখা) ও প্রকল্প পরিচালক সৈয়দা মাছুমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরির্তন মন্ত্রণালয়ের আওতাধীন পরিবেশ অধিদফতর কর্তৃক পরিচালিত শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের তত্ত্বাবধানে শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে বুধবারসকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পেইন এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ক্যাম্পেইন ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ঐ এলাকায় যাতায়াতরত যানবাহনের চালক, যাত্রী ও পথচারীসহ জনসাধারণকে শব্দদূষণের ক্ষতিকর বিভিন্ন দিক সম্পর্কে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করা হয়।
এ কার্যক্রমে পরিবেশ অধিদফতরের মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখার পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে উচ্চ শব্দের হর্ন বাজানো থেকে বিরত থাকার জন্য বিভিন্ন ধরনের যানবাহনের চালকদের সতর্ক করার পাশাপাশি ১২ জনকে ১০ হাজার টাকা জরিমানা এবং ১৫ জনকে সতর্ক করা হয়।
পরিবেশ অধিদফতরের পরিচালক (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা শাখা) ও প্রকল্প পরিচালক সৈয়দা মাছুমা খানম জানান, শব্দদূষণের ফলে মানুষের জীবনের ওপর নানা ধরনের ক্ষতিকারক প্রভাব রয়েছে, সেগুলো সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে সাধারণ কমিউনিটিকে উদ্বুদ্ধ করার মাধ্যমে সামাজিক আন্দোলন তৈরি করাই হলো এ ক্যাম্পেইন ও মোবাইল কোর্টের মূল উদ্দেশ্য। পরিবেশ অধিদফতরের মহাপরিচালকের নির্দেশনায় মোবাইল কোর্ট ও ক্যাম্পেইনের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম চলছে।
পরিবেশ অধিদফতরের কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি গুলশান সোসাইটির স্বেচ্ছাসেবক দল এবং স্কাউটস ও বিএনসিসি লিফলেট বিতরণসহ ক্যাম্পেইন কার্যক্রমে অংশগ্রহণ করে।