রাজধানীতে আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার
রাজধানীর কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম মো. নাঈম আলী ওরফে নাঈম বিন সাদ ওরফে মুজাহিদ আল হিন্দ (১৯)।
বৃহস্পতিবার এটিইউ'র সহকারি পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ওয়াহিদা পারভীন জানান, বুধবার রাত সোয়া ৯টার দিকে এটিইউ'র একটি দল কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফততার নাঈম কুষ্টিয়া জেলার মিরপুর থানার খোর্দ্দ আইলচারা গ্রামের মো. সাদ আহম্মেদের পুত্র। বর্তমানে সে রাজধানীর কলাবাগান থানার ভোগেন ভিলা, ৫০/১ নর্থ ধানমন্ডি এলাকায় থাকতো। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী কার্যক্রমে ব্যবহৃত ২টি মোবাইল, একটি মেমোরি কার্ড এবং পাঁচটি উগ্রবাাদী বই উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম আলী জানায়, ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে উগ্রবাদী প্রচারণা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্য সে দীর্ঘ দিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এছাড়া সে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি ব্যবহার করে রাষ্ট্র ও সরকার বিরোধী, ধর্মীয় উসকানিমূলক ও উগ্রবাদী বিভিন্ন পোস্ট দিয়ে আসছিল। সে নিজেদের মতাদর্শ প্রচারের মাধ্যমে অনলাইনে আনসার আল ইসলাম’র সদস্য সংগ্রহের কাজ করে আসছিল।
নাঈম আলী উগ্রবাদী বিভিন্ন বই ও কনটেন্ট অনলাইনে পোস্ট দিয়ে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহবান করে আসছিল বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে কলাবাগান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।