ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনবন্ধু নিহত
ঘুরতে বের হয়ে রাজধানীর রূপনগর বেড়িবাঁধে সাদি পেট্রল পাম্পের সামনে শুক্রবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনবন্ধু।
নিহতরা হলেন, মিলন হোসেন (২২), হারুন (১৭) ও শামিম হোসেন (১৮)। নিহতদের স্বজনরা বলছেন, বিকালে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে দুর্ঘটনার শিকার হন।
তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু মো. হাসান জানান, মিলন ফুটপান্ডায় খাবার সরবরাহের কাজ করতেন। হারুন ও শামিম একটি মোটর গ্যারেজে কাজ করতেন। বিকেলে তিনবন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। পরে রূপনগর বেড়িবাঁধে পিকআপভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় হারুনের। মিলন ও শামিমকে আহত অবস্থায় প্রথমে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সন্ধ্যা সাড়ে ৬টায় মারা যান মিলন। চিকিৎসাধীন অবস্থায় তার কিছুক্ষণ পর মারা যান শামিম।
ঢামেক হাসপতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মিলন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যান। শামিম চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে মারা যান। নিহত ৩ জনের লাশই ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, মিলনের বিস্তারিত ঠিকানা পাওয়া গেলেও বাকি দুজনের ঠিকানা পাওয়া যায়নি। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ঘাতক পিকআপটি শনাক্তের চেষ্টা চলছে।