ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

‘অসুস্থ’ প্রতিযোগিতা, মাস্ক বিক্রেতা রাকিবকে চাপা দিয়েই পালান চালক: র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৪, ২৬ জানুয়ারি ২০২২
‘অসুস্থ’ প্রতিযোগিতা, মাস্ক বিক্রেতা রাকিবকে চাপা দিয়েই পালান চালক: র‌্যাব
গ্রেফতার দুজন। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর মগবাজার মোড় থেকে দুই বাস চালকের বেপরোয়া গতিতে চালানোর ‘অসুস্থ’ প্রতিযোগিতায় বাস চাপায় প্রাণ হারান মাস্ক বিক্রেতা কিশোর রাকিব(১৪)। 

ঐ ঘটনায় বাসের দুই চালককে এরই মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব। গত সোমবার রাতে রাজধানীর পল্টন এবং মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন- মো. মনির হোসেন (২৭) এবং মো. ইমরান (৩৪)।

বুধবার দুপুরে রাজধানীর কারওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন>>> মানুষের রক্তে লেখা শয়তানের বই, কী আছে বইটিতে?

মঈন বলেন, গত ২০ জানুয়ারি ঢাকার মগবাজার মোড়ে বিকেল ৫টার দিকে আজমেরী গ্লোরী পরিবহনের দুটি বাসের বেপরোয়া গতির প্রতিযোগিতায় মো. রাকিবুল হাসান (১৪) নামের এক মাস্ক বিক্রেতা কিশোর বাস দুটির মধ্যবর্তী স্থানে চাপা পড়ে। 

তিনি বলেন, ঘটনাস্থল থেকে গুরুতর আহত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা পরবর্তীতে দুই ঘাতক ড্রাইভার বাস দুটি রেখে পালিয়ে যায়।

র‌্যাব জানায়, ঐ দুর্ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করে। এ প্রেক্ষিতে র‍্যাব জড়িতদের আইনের আওতায় নিতে নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় র‍্যাব এর গত ২৫ জানুয়ারি রাতে ঢাকা মহানগরীর পল্টন এলাকা এবং মুন্সিগঞ্জের শ্রীনগর হতে আজমেরী গ্লোরী পরিবহনের দুই বাসের চালককে গ্রেফতার করে।

কমান্ডার খন্দকার আল মঈন আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মনির হোসেন জানিয়েছেন, সে ৫ বছর মধ্যপ্রাচ্যে কাজ করেছে। গত ৩ মাস আগে দেশে ফেরার পর কর্মসংস্থানের উদ্দেশ্যে ঢাকায় আসেন। প্রায় ১ মাস ধরে আজমেরী গ্লোরী গাড়িতে দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা মজুরিতে হেলপারি শুরু করেন। এ সুযোগে মাঝে মধ্যে সে বাসটি চালাত।

আরো পড়ুন>>> পুলিশ সদস্যের বাড়িতে কষ্টিপাথর, দুই ছেলে ধরা

মিডিয়া উইংয়ের এ পরিচালক আরো জানান, গত ২০ জানুয়ারি আনুমানিক ৪টার দিকে আজমেরী গ্লোরী পরিবহনের বাসটি সদরঘাট থেকে গাজীপুর চন্দ্রার উদ্দেশ্যে রওনা করে। পথে চালক গুলিস্তানে এসে গাড়িটি হেলপার মনির হোসেনের দায়িত্বে দেয় এবং মনির গাড়িটি চালিয়ে মগবাজার মোড়ে নিয়ে আসে।

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে মনির আরো জানিয়েছেন, মগবাজার মোড়ের সিগন্যাল ছেড়ে দেওয়া মাত্রই গাড়ি দুটি অসুস্থ প্রতিযোগিতা শুরু করে। চালক দুজনেরই উদ্দেশ্য ছিল পরবর্তী স্টপেজে পৌঁছে গিয়ে যাত্রীদের নিজ বাসে তুলে নেয়া। এ অবস্থায় এক গাড়ি অপর গাড়িটিকে ওভারটেক করার সময় দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে ঐ কিশোর। 

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ঐ ঘটনার পরপরই গাড়ির চালক মনির হোসেন এবং ইমরান হোসেন বাস দুটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!