ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী, নেপথ্যে আরব সাগর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৭, ১২ ডিসেম্বর ২০২০
ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী, নেপথ্যে আরব সাগর
কুয়াশার দাপটে অন্ধকার রাজধানী। ছবি: সংগৃহীত

কুয়াশার দাপটে দেখা মিলছে না সূর্যের। অন্যদিকে শীতের প্রকোপে কাবু রাজধানীর বাসিন্দারা। আরব সাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ুর কারণেই ঘন কুয়াশা তৈরি হয়েছে। এটি আরো দু-এক দিন থাকতে পারে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, হালকা বাতাস শুরু হওয়ায় কুয়াশা সরে দু-একদিন পরেই সূর্যের আলোর দেখা মিলবে। ভূমধ্যসাগর থেকে আসা এ কুয়াশা সরে গিয়ে হিমালয়ের পাদদেশে বৃষ্টি হয়ে ঝরে বিদায় নেবে। তবে তার আগেই আরব সাগর থেকে বাতাসের সঙ্গে একরাশ জলীয়বাষ্প উড়ে এসেছে। ফলে চারদিন ধরে জমে থাকা কুয়াশা আরও ঘন হয়ে উঠেছে।

কয়েকদিন ধরে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে রাজধানী। কনকনে ঠাণ্ডায় কাবু মানুষ। প্রচন্ড ঠাণ্ডায় কুয়াশার জেরে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। দৃশ্যমানতা কম থাকায় দূরপাল্লার বাস-ট্রেন চলছে ধীর গতিতে। ঘন কুয়াশার কারণে নদীতে নৌ-যান চলাচলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, আরব সাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ুর কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা পড়ছে। সোম-মঙ্গলবার থেকে কুয়াশা কেটে গিয়ে সূর্যের দেখা পাওয়া যেতে পারে।

সূর্যের দেখা পাওয়ার পর তাপমাত্রা কিছুটা বাড়লেও ধীরে ধীরে তাপমাত্রা আবারও কমতে থাকবে। বিশেষ করে পশ্চিমা লঘুচাপ ছড়িয়ে পড়ায় সারা দেশেই শীতের অনুভূতি বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!