সাভারে চাঞ্চল্যকর ডাকাতির মামলার নাটের গুরু গ্রেফতার
সাভারে চাঞ্চল্যকর ডাকাতি মামলার নাটের গুরু মোস্তফা শাহীন ওরফে মোশারফকে (৫০) গ্রেফতার করেছে র্যাব-৪। রোববার মধ্যরাতে রাজধানীর পল্লবী থানার বাউনিয়া বাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে গুলিসহ একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিনটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) জিয়াউর রহমান ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতার মোশরফের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অবৈধ অস্ত্র, দস্যুতা এবং হত্যাসহ নিয়মিত মামলা রয়েছে। সে ‘কোম্পানী’ নামে একটি আন্তঃজেলা ডাকাত দল গঠন করে এবং দলনেতা হিসেবে ডাকাতি করত।
তিনি আরো জানান, দুমাস আগে জামিনে বের হয়ে মোশারফ আবারও ডাকাত দল গঠন করে। সম্প্রতি আমিনবাজারের ভাকুর্তা এলাকায় ইতালি প্রবাসীর ৫ লাখ ৭০ হাজার টাকা ডাকাতির ঘটনায় সে মূল পরিকল্পনাকারী।
এদিকে তার ডাকাত দলের ১০ থেকে ১২ জন সদস্যকে শনিবার র্যাবের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয় বলে জানান র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার। মোশারফের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে নিশ্চিত করেছে র্যাব।