শান্তিনগর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর শান্তিনগরের টুইন টাওয়ারের একটি বাসা থেকে নাহিদ রহমান জলি নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল পৌঁনে ৪টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত জলি নরসিংদী জেলার শিবপুর উপজের মজলিশপুর গ্রামের মৃত আব্দুল বাতেনের মেয়ে। তিনি শান্তিনগর টুইন টাওয়ারে ১৫ তলায় স্বামী আবিবুর রহমান সমরের সঙ্গে থাকতেন।
জলির চাচাতো ভাই শহিদুল ইসলাম জানান, সমরের সঙ্গে তার বোন জলির ২০ বছরের সংসার। তাদের কোনো সন্তান ছিলনা। পরে জলি নিজ ইচ্ছায় স্বামীকে দ্বিতীয় বিয়ে করান। সেই ঘরে তিন সন্তান হয়। তিন বছর আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয় সমরের। তিনি আরো বলেন, তিন সন্তানের দোহাই দিয়ে ডিভোর্স হওয়ার পরেও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতেন সমর। এ নিয়ে জলির সঙ্গে তার ঝগড়া হতো।
এদিকে, জলি আত্মহত্যা করেনি, তাকে হত্যা করেছেন স্বামী সমর বলে অভিযোগ করেন চাচাতো ভাই শহিদুল। সমরের বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান তিনি।
পল্টন থানার এসআই শাহআলম জানান, দুপুরে ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পাই। পরে দরজা ভেঙ্গে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি জানান, নিহত নারীর পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী সমরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে।