ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

পাঁচ কোটি টাকার জাল স্ট্যাম্প-টাকাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৬, ২৯ আগস্ট ২০২০
পাঁচ কোটি টাকার জাল স্ট্যাম্প-টাকাসহ গ্রেফতার ২
ছবি- সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচা ও যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে চার কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্প, ডলার ও টাকাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. আলফাজ উদ্দিন ও মো. মাসুদ।

শুক্রবার বিকেলে রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এস এম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতের মধ্যে আলফাজ উদ্দিন ঢাকা টেক্সেস বার অ্যাসোসিয়েশনের সহকারী হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং মাসুদ জাল স্ট্যাম্প, জাল ডলার ও জাল টাকা তৈরির মূল হোতা।

পুলিশের ভাষ্য, তারা দীর্ঘদিন ধরে এই জাল স্ট্যাম্প বিক্রি করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে। এই চক্রের হোতা মাসুদ, এর আগেও গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। জামিনে মুক্তি পেয়ে ফের একই কাজ শুরু করেছিল সে।

এস এম শামীম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর ভবনের নিচ তলায় ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সামনে থেকে ৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্পসহ আলফাজকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে এই চক্রের মাস্টারমাইন্ড মাসুদকে যাত্রাবাড়ি বিবির বাগিচার বাসা থেকে গ্রেফতার করা হয়। ওই বাসায় জাল স্ট্যাম্প, ডলার ও টাকা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। 

মাসুদ গত ৮ বছর ধরে এ কাজ করছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। সারা দেশেই তার এজেন্ট রয়েছে। এ কাজে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা থানায় মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!