বাঘাবাড়ি ঘি তৈরিতে প্রতারণা, ১০ লাখ টাকা জরিমানা
রাজধানীর মালিবাগের নিউ বাঘাবাড়ি ঘি’র মালিক সমির ঘোষকে প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রতারণার অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার র্যাব-৩ এর সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
তিনি বলেন, নিউ বাঘাবাড়ি ঘি নামের প্রতিষ্ঠানটির ঘি প্যাকেজিং ও সরবরাহের ট্রেড লাইসেন্স আছে। তবে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে তৈরি করা ঘি সংগ্রহ করে চটকদার বিজ্ঞাপন দিয়ে তা নিজেদের বলে বিক্রি ও রফতানি করত। আইনে এ ধরনের কোনো সুযোগ নেই।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো বলেন, সমির ঘোষ মূলত সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে ঘি কিনতেন। এসব ঘি নিজের উৎপাদিত বলে চালাতেন, যা প্রতারণা। এসব অভিযোগে সমির ঘোষকে ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। তিনি নগদে ১০ লাখ টাকা জরিমানা পরিশোধ করেছেন।
এদিকে প্রতিষ্ঠানটি থেকে উদ্ধার করা পাঁচ ধরনের ঘি’তে কোনো কেমিক্যাল রয়েছে কি না, তা পরীক্ষার জন্য বিএসটিআই ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষায় অস্বাস্থ্যকর ও কেমিক্যাল জাতীয় কিছু ধরা পড়লে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।