[ দেশজুড়ে ]
বউ নিয়ে বাড়ি ফেরা হলো না বরের!
বউ নিয়ে বাড়ি ফেরার আগেই শ্রীঘরে যেতে হলো বর জহিরুল ইসলামকে। শুক্রবার রাত ৮টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ফুলখালী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের হরিদেবপুর গ্রামের বারেক হাওলাদারের ছেলে জহিরুল ইসলাম গোপনে বিয়ে করেন। কনে কালিকাপুর নূরিয়া ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী রাবেয়া বেগম। সে একই উপজেলার ডাকুয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের দেলোয়ার হাওলাদারের মেয়ে।
শুক্রবার রাতে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে ডাকুয়া ইউনিয়নের ফুলখালী গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খন্দকারের বাড়ির সামনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় বরযাত্রীদের জিজ্ঞাসাবাদ শেষে বর জহিরুলকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিস্ট্রেট ও গলাচিপার ইউএনও শাহ মো. রফিকুল ইসলাম আটক বর জহিরুল ইসলামকে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭(১) ধারায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠিয়ে দেন।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ/এসএএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!