ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বইমেলা ]

ফের বইমেলায় তিশা মুশতাক দম্পতি, দুয়োধ্বনিতে কাঁদলেন তিশা

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৭, ১২ ফেব্রুয়ারি ২০২৪
ফের বইমেলায় তিশা মুশতাক দম্পতি, দুয়োধ্বনিতে কাঁদলেন তিশা
ছবি: মুশতাক আহমেদের স্ত্রী সিনথিয়া ইসলাম তিশা

‘তিশার ভালোবাসা’ এবং ‘তিশা অ্যান্ড মুশতাক’ বইয়ের লেখক মুশতাক আহমেদ ও তার স্ত্রী তিশাকে (৯ ফেব্রুয়ারি) ‘ভুয়া ভুয়া’ ‘ছি: ছি:’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা প্রাঙ্গন থেকে বের হয়ে যেতে বাধ্য করেছিলো মেলায় শতাধিক দর্শনার্থীরা। 

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলা প্রাঙ্গনে আবারও হাজির হন এই দম্পতি। সেখানে একদল মানুষের কাছে ‘অপদস্থ’ হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য খন্দকার মুশতাক আহমেদের স্ত্রী সিনথিয়া ইসলাম তিশা।

এসময় তিনি বলেন, ‘তারা বলছে, খন্দকার মুশতাক ও তিশাকে গুলি করে মেরে ফেলা হোক! তারা কি আমাদেরকে বাঁচতে দেবে না? এমনকি তারা আমাদের বই ছিঁড়ে ফেলছে। কতটুকু শিক্ষা অর্জন করলে একটা বই ছিঁড়ে ফেলা যায় আমার জানা নেই।’

Advertisement

তিশা আরো বলেন, ‘আমারও ইচ্ছে করে স্টলে স্টলে গিয়ে ঘুরে ঘুরে দেখতে। আমি অনেক বই পড়ি, সায়েন্স ফিকশন পড়ি। কিন্তু সেই সুযোগটা পাচ্ছি না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। একজন নারীকে যখন অপদস্থ করা হচ্ছে তখনো কী মানুষের টনক নড়ে না? কেন আমাদের সাথে এমন আচারণ করা হচ্ছে?’

বইমেলায় আজও অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছেন আলোচিত এই দম্পতি। দর্শনার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান ও নানা আপত্তিকর মন্তব্যে একপর্যায়ে বইমেলা থেকে বের হয়ে যেতে বাধ্য হন তারা। 

এদিকে পর পর দুইবার বইমেলা থেকে বের করে দেয়ায় আলোচিত যুগল খন্দকার মুসতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা ডিবি কার্যালয়ে গেছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে তারা ডিবি কার্যালয়ে যান।  

উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারির ঘটনার পর নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা দম্পতি। শনিবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাতে এ দম্পতি রাজধানীর শাহবাগ থানায় গিয়ে নিরাপত্তার বিষয়ে সাধারণ ডায়েরি করেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!