মেক্সিকোয় রোলার কোস্টার লাইনচ্যুত, নিহত ২
মেক্সিকোয় একটি বিনোদন পার্কে রোলার কোস্টার লাইনচ্যুত হয়ে অন্তত দু’জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো দুই ব্যক্তি।
শনিবার দেশটির রাজধানী মেক্সিকো সিটির লা ফেরিয়া চেপালতেপেক অ্যামিউজমেন্ট পার্কে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানায়। - খবর বিবিসি
প্রতক্ষ্যদর্শীরা জানান, চিমেরা নামক রোলার কোস্টারটির শেষ বগিটি আকস্মিক লাইনচ্যুত হয়ে নিচে পড়ে গেলে সেটাতে থাকা চারজন ব্যক্তি মারাত্মক ভাবে আহত হন।
রোসালবা রদ্রিগেজ নামে এক নারী প্রতক্ষ্যদর্শী বলেন, রোলার কোস্টারটির সবকিছুই স্বাভাবিক ভাবে চলছিলো। কিন্তু হঠৎ করেই এর একটি বগি খুলে পড়ে যায়।
এই দুর্ঘটনার পরপরই দেশটির জনপ্রিয় এই পার্কটি বন্ধ করে দেয়া হয় ও আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়।
বর্তমানে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তদন্তে দুর্ঘটনার পেছনে কারণ অনুসন্ধানের পাশাপাশি কে বা কারা এর পেছনে দায়ি তা খুঁজে বের করে পদক্ষেপ নেয়া হবে বলে জানানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/মাহাদী