বিপিএলে স্পট ফিক্সিংয়ের কথা স্বীকার করলেন পাকিস্তানি খেলোয়াড়
বিপিএলে ফিক্সিংয়ের ক্ষেত্রে এর আগেও উঠেছিল নাসির জামশেদের নাম। তবে সবসময় অস্বীকার করে এসেছেন সব। অবশেষে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন এই পাকিস্তানি ব্যাটসম্যান। শুধু বিপিএল নয়, পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) ফিক্সিং করার কথা স্বীকার করেছেন তিনি।
দুই বছর আগে নাসির জামশেদকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। বহুদিন পর নিজের এসব কথা অকপটে স্বীকার করলেন এই ব্যাটসম্যান।
নাসিরের দেয়া তথ্যানুযায়ী, ২০১৬ সালের বিপিএলে প্রথমবার ফিক্সিং করার চেষ্টা করেছিলেন। কিন্তু সে যাত্রায় ব্যর্থ হন তিনি। সেই আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। কথা ছিল,নির্দিষ্ট একটি রঙের ব্যাটের গ্রিপ লাগানো সহ আরও কিছু শর্ত মেনে মাঠে নামবেন তিনি। তবে কিছু শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছিলেন এই পাকিস্তানি ক্রিকেটার।
একই আসরের রংপুর রাইডার্স বনাম বরিশাল বুলসের বিপক্ষে ম্যাচেও ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন জামশেদ। তবে একাদশ থেকে বাদ পড়ায় সে যাত্রায় সফল হননি।
কিছু ক্রিকেটারের কাছ থেকে ঘুষ নেয়ার কথাও জানান তিনি। এছাড়া ২০১৭ সালের পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমির মধ্যকার ম্যাচে আবার ফিক্সিংয়ের প্রস্তাব পান জামশেদ। তিনি বলেন, তার স্পট ফিক্সিংয়ের শর্ত ছিল প্রথম দুই বলে কোনো রান করা যাবেনা।