বাবা-চাচাসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
সুনামগঞ্জের দিরাইয়ে শিশু তুহিন হত্যা মামলায় বাবা ও চাচাসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। সোমবার দুপুরে অভিযোগপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ওসি কেএম নজরুল ইসলাম।
অভিযুক্তরা হলো তুহিনের বাবা আব্দুর বাছির, চাচা আব্দুর মোছাব্বির, জামশেদ আলী, নাসির উদ্দিন ও চাচাতো ভাই সাহারুল। এরমধ্যে সাহারুলের বয়স ১৮ বছরের কম হওয়া তার বিরুদ্ধে শিশু আদালতে পৃথক অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
দিরাই থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন, ১৪ অক্টোবর রাতে তুহিনকে ঘুমন্ত অবস্থায় ঘরের বাইরে নিয়ে হত্যা করা হয়। হত্যার পর হত্যাকারীরা তুহিনের কান ও লিঙ্গ কেটে গাছে ঝুলিয়ে রাখে। তুহিনের পেটে বিদ্ধ দুটি ছুরি সালাতুল ও সোলেমান নাম লেখা ছিল। তারা তুহিনের বাবা ও চাচাদের প্রতিপক্ষ।
পরে পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তুহিনের চাচা নাছির ও চাচাতো ভাই সাহারুল স্বীকার করে যে তারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
তিনি আরো বলেন, সাক্ষী প্রমাণের ভিত্তিতে তুহিনের বাবা, চাচা এবং চাচাতো ভাইসহ পাঁচজন এ হত্যাকাণ্ডে জড়িত বলে নিশ্চিত হয়েছে পুলিশ। ফলে তাদের বিরুদ্ধে সোমবার অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
এর আগে ১৪ অক্টোবর রাত ৩টায় দিরাইয়ের রাজানগর ইউপির কেজাউড়া গ্রামে পাঁচ বছর বয়সী শিশু তুহিনকে হত্যা করা হয়। পরে গাছের সঙ্গে ঝুলানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় তুহিনের পেটে দুটি ধারালো ছুরি ঢোকানো ছিল। তার পুরো শরীর রক্তাক্ত, কান ও লিঙ্গ কাটা ছিল।