ফ্রান্সেই থাকছেন নেইমার!
মাস দুয়েকের নানা নাটকের পর জানাগেল, পিএসজি ছেড়ে কোথাও যাওয়া হচ্ছে না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের।
নেইমারের ক্লাব ছাড়ার ইচ্ছের কথা জানার পর থেকেই তার জন্য উঠে পড়ে লেগেছিল স্পেনের দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। দুই মৌসুম আগে বার্সেলোনায় খেলায়, এ ক্লাবেই ফেরার সম্ভাবনা ছিল বেশি। তবে বসে থাকেনি রিয়ালও। বড় অঙ্ক খরচ করতে রাজি ছিলো তারাও।
কিন্তু সবশেষ খবর হলো, নেইমারের ন্যু ক্যাম্প বা স্পেনে ফেরার স্বপ্নটা অন্তত এ মৌসুমে পূরণ হচ্ছে না তার। কারণ বার্সেলোনার সঙ্গে পিএসজির সবশেষ বৈঠকে পাওয়া যায়নি ইতিবাচক কোনো ফল। আর রিয়াল তো আগেই হাত গুটিয়ে নিয়েছে। ফলে আসন্ন মৌসুমেও ফ্রান্সের পিএসজিতে থাকছেন নেইমার।খবর স্কাই স্পোর্টসের।
স্কাই স্পোর্টসের সাংবাদিক ব্রায়ান সোয়ানসন পিএসজির বরাত দিয়ে টুইটারে লিখেন, ‘আমাদের বলা হয়েছে যে, নেইমার পিএসজিতে থাকতে সম্মতি দিয়েছেন। কারণ পিএসজি ও বার্সেলোনার মধ্যে কোনো সমঝোতামূলক সিদ্ধান্ত আসেনি। যে কারণে এ মৌসুমে পিএসজির সঙ্গে সকল কমিটমেন্ট পূরণ করেই থাকবেন নেইমার। তবে আপাতত ব্রাজিল দলের সঙ্গে যোগ দিতে তিনি উড়াল দেবেন মায়ামির উদ্দেশে।’
নেইমারকে দলে পেতে ১১৮ মিলিয়ন ইউরোর সঙ্গে তিন খেলোয়াড় ইভান রাকিতিচ, জন-ক্লেয়ার তবিদোকে পুরোপুরি দেয়ার প্রস্তাব করেছিল বার্সা। আর উসমান ডেম্বেলেকে দিতে চেয়েছিল এক বছরের জন্য ধারে। কিন্তু তাতেও মন গলেনি পিএসজির।
ফলে এ মৌসুমে ফ্রান্সেই থাকতে হচ্ছে নেইমারকে।
ডেইলি বাংলাদেশ/সালি