ছাত্রীর ‘স্পর্শকাতর স্থানে’ হাত, স্কুল থেকে তুলে নেয়ার চেষ্টা
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেকে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল থেকে নবম শ্রেণির এক ছাত্রীকে টেনেহেঁচড়ে তুলে নেয়ার চেষ্টা চালিয়েছে বখাটেরা।
এ ঘটনায় স্কুলের ছাত্রীসহ অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বুধবার দুপুরে আলীরটেক ইউপির কুড়েরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে আলীরটেকের দক্ষিণ ক্রুকেরচর এলাকার সালাউদ্দিনের বখাটে ছেলে আল হাসান। ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল বখাটে হাসান। এতে স্কুলছাত্রী কোনো কর্ণপাত না করলে নানা ধরনের হুমকি প্রদান করে।
বুধবার দুপুরে দুই বন্ধুকে নিয়ে হাসান স্কুলে প্রবেশ করে স্কুলের কক্ষে থাকা ওই ছাত্রীকে ফের প্রেমের প্রস্তাব দেয়। সে রাজি না হওয়ার তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে টেনে হেঁচড়ে স্কুলের দ্বিতীয় তলা থেকে নিচে নামিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। ওই সময় স্কুলের শিক্ষার্থীরা দেখে ডাক-চিৎকার দিলে বখাটেরা পালিয়ে যায়।
ওই ছাত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, স্কুলের নিরাপত্তার অভাবে বহিরাগত বখাটেরা আমার শরীরে হাত দিয়ে টানাহেঁচড়া করে তুলে নিয়ে যাওয়ার সাহস পেয়েছে। আর স্কুলের এক ছাত্রের সহযোগিতায় বখাটে আল হাসান এ ধরনের কাজ করার দুঃসাহস করতে পেরেছে।
স্কুলের প্রধান শিক্ষক আমজাদ হোসেন জানান, বখাটে আল হাসান তার বন্ধুদের নিয়ে ওই ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা করেছে। স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা বখাটেদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হবে।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও নাহিদা বারিক জানান, লোকমাধ্যমে খবর পেয়েছি। ঘটনার খোঁজ নিয়ে এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি বাংলাদেশ/এমকে