তথ্যপ্রযুক্তির মাধ্যমে তিন যুবক গ্রেফতার
তথ্যপ্রযুক্তির মাধ্যমে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অটোচালককে ছুরিকাঘাতে নিহতের ঘটনায় তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি সুইস গিয়ার চাকু উদ্ধার করেছে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ। এছাড়া নিহতের কাছ থেকে ছিনিয়ে নেয়া মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতে ফতুল্লার হরিহরপাড়া গুলশান রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন ফতুল্লার হরিহরপাড়া গুলশান রোড এলাকার আরিফ, রনি ও সোহেল।
জেলা ডিবি পুলিশের ওসি এস এম আলমগীর হোসেন জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে হত্যাকারীদের অবস্থান শনাক্ত করা হয়। পরে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নিয়ে ছিনতাই করা অটোরিকশাটি উদ্ধারে অভিযান চলছে।
উল্লেখ্য, ৫ জানুয়ারি সকালে ফতুল্লার চর কাশিপুর এলাকা থেকে অটোচালক টিপু হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়। নিহত টিপু হাওলাদার বরিশালের দিদারপুর এলাকার মুনসুর আলীর ছেলে। তিনি ফতুল্লার ভোলাইল এলাকার বাসিন্দা ছিলেন।
এর আগে ৪ জানুয়ারি রাত দেড়টায় চর কাশিপুর এলাকায় ছিনতাইকারীরা টিপু হাওলাদারের পিঠে ও কোমরে দুটি ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায়।