টেইলরে ম্লান শ্রেয়াসের শতক, সফরে ভারতের প্রথম হার
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ৪ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। হ্যামিল্টনে শ্রেয়াস আইয়ারের শতকে ৪ উইকেট হারিয়ে ৩৪৭ রান তোলে সফরকারীরা। জবাবে রস টেইলরের শতকে ৪ উইকেট ও ১১ বল হাতে রেখে জয় তুলে নেয় কিউইরা।
৩৪৮ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে ৮৫ রানের উদ্বোধনী জুটি উপহার দেন মার্টিন গাপটিল ও হেনরি নিকোলস। শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন টেইলর, লাথামরা।
রস টেইলরের ৮৪ বলে খেলা ১০৯ রানের দুর্দান্ত এক ইনিংসের ওপর ভর করে ৪৯.১ ওভারে ৬ উইকেটে জয় তুলে নেয় স্বাগতিকরা। টেইলরের ম্যচাজয়ী ইনিংসটি সাজানো ছিলো ১০টি চার ও ৪টি ছয়ের মারে।
৪৮ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলে নিউজিল্যান্ডের জয়ে বড় ভূমিকার রাখেন টম লাথাম। ওপেনার হেনরি নিকোলসের ব্যাট থেকে আসে ৮২ বলে ৭৮ রান।
এর আগে, টস হেরে ব্যাট করতে নামা ভারত অভিষিক্ত দুই ওপেনার পৃথ্বী শ ও মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটে দুর্দান্ত শুরু করে। ৮ ওভারে ৫০ রানের জুটি গড়েন তারা। তবে ৪ বলের ব্যবধানে ফিরে যান যান পৃথ্বী (২০) ও আগারওয়াল (৩২)।
জোড়া উইকেট হারিয়ে ছোট একটা ধাক্কা খায় সফরকারীরা। তবে বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের ১০২ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভারত। নিজের ফিফটি তুলে নিয়েই ৫১ রান করে ফিরে যান কোহলি।
লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে আরো একটি সেঞ্চুরি জুটি উপহার দেন শ্রেয়াস। নিজের ক্যারিয়ারের প্রথম শতক তুলে ১০৭ বলে ১০৩ রান করে ফিরে যান তিনি। তার ইনিংসটি সাজানো ছিলো ১১ চার ও ১ ছক্কার মারে।
লোকেশ রাহুল ছিলেন আরো আক্রমণাত্মক। ৩টি চার ও ৬টি ছক্কায় মাত্র ৬৪ বলে অপরাজিত ৮৮ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন তিনি। শেষ পর্যন্ত ভারতও পায় পাহাড়সম সংগ্রহ। নিজেদের ৫০ ওভারে শেষ পর্যন্ত ৪ উইকেটে ৩৪৭ রান তোলে টিম ইন্ডিয়া। ১৫ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন কেদার যাদব।
তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো নিউজিল্যান্ড। এর আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হয় স্বাগতিকরা।