জলমহাল নিয়ে বিরোধের জেরে যুবক খুন, আটক ৩
সুনামগঞ্জের বড়দই বিলে জলমহাল নিয়ে বিরোধের জেরে আলীম তালুকদার নামে এক যুবক খুন হয়েছে। নিহত যুবক সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দরিয়াবাজ গ্রামের হানিফ খানের ছেলে।
এ ঘটনায় সদর থানা পুলিশ আব্দুল্লাহপুর গ্রামের ইউপি সদস্য জহুর আলী, দরিয়াবাজার গ্রামের যশু মিয়া এবং মমিনুল ইসলামকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে জলমহাল নিয়ে বড়দই বিলের মালিক পক্ষের সঙ্গে বিরোধ চলছিল আলীম তালুকদারের। শুক্রবার জোরপূর্বক আলীম তালুকদারের মালিকানাধীন বড়দই বিলের হিঙ্গিদাইড় খাল থেকে মাছ নিয়ে যায় দরিয়াবাজ গ্রামের কিছু লোক। এ নিয়ে আলীম তালুকদারের সঙ্গে বিলের মালিক পক্ষ ও গ্রামের কিছু লোকের সঙ্গে বিরোধ বাঁধে।
বিরোধ নিষ্পত্তি করতে শুক্রবার বিকেলে আলীমকে বড়দই বিলে ডেকে নেয় স্থানীয়া। পরে রাত ৮টায় রক্তাক্ত অবস্থায় আলীমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায় আলীমের পরিবার। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানি মেডিকেলে রেফার্ড করেন কর্তব্যরত ডাক্তার।
শনিবার সকালে সিলেট ওসমানি মেডিকেলে মৃত্যু হয় আলীম তালুকদারে।
ঘটনার সত্যতা স্বীকার করে সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান বলেন, বিল সংক্রান্ত বিরোধের জেরে আলীম তালুকদার নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায় নি ।
এদিকে বড়দই বিলের ইজারাদার মনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, তারা এ বিষয়ে কিছুই জানেন না।
সুনামগঞ্জ এসপি মো. মিজানুর রহমান বলেন, দুইদিন আগে আলীমকে ধরে এনে নির্যাতন করা হয়েছিল। শনিবার সকালে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যেতে পারেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছি।
স্বজনরা বলেছেন,বড়দই বিলের ইজারাদার ও তার লোকজন এর সঙ্গে জড়িত। তাছাড়া দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে আলিম তালুকদার পরিবারের বিরোধ ও মামলা আছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।