ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এ বছরই হতে পারে ক্রিকেটের তিন বড় আসর!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩, ২২ এপ্রিল ২০২০
এ বছরই হতে পারে ক্রিকেটের তিন বড় আসর!
সুনীল গাভাস্কার

করোনাভাইরাসের কারণে থমকে আছে পুরো বিশ্ব। স্থগিত হয়ে আছে প্রায় সকল ক্রীড়া ইভেন্ট। ক্রিকেটের বড় কিছু ইভেন্ট নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এমতাবস্থায় ইভেন্টগুলো আয়োজনের সময়সূচি ও ভেন্যুর প্রস্তাব করেছেন সাবেক ক্রিকেটার ও বর্তমান ক্রিকেট বিশ্লেষক সুনীল গাভাস্কার।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এর আগে সেপ্টেম্বরে হওয়ার কথা এশিয়া কাপ। অন্যদিকে সব ঠিক থাকলে এপ্রিলের এই সময়টায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বুঁদ হয়ে থাকতো ক্রিকেট বিশ্ব। তবে বাস্তবে হচ্ছে না এর কিছুই। 

বিশ্বকাপের ব্যাপারে এখনো ঠিক করে কিছু বলতে পারছে না আইসিসি। ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল আয়োজন করতে চাইলেও ভবিষ্যতের ঠাসা ক্রিকেট সূচিতে এটা প্রায় অসম্ভব। এই অবস্থায় বিশ্বকাপসহ আইপিএল ও এশিয়া কাপ তিনটিই হওয়ার জন্য সময়সূচি প্রস্তাব করেছেন গাভাস্কার। 

Advertisement

ইন্ডিয়া টুডে’কে দেয়া এক সাক্ষাৎকারে এই কিংবদন্তি ক্রিকেটার বলেন, বিশ্বকাপের পরবর্তী আসর ভারতে হওয়ার কথা। যদি অস্ট্রেলিয়া এবারের আসর ভারতকে আয়োজন করতে দেয় ও ভারতে অনুষ্ঠিতব্য পরবর্তী আসর নিজেরা নেয় তাহলে অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ আয়োজনে কোনও সমস্যা হওয়ার কথা না। আর এটি সম্ভব হলে বিশ্বকাপের আগে স্বল্প পরিসরে হলেও আইপিএল আয়োজন করা যাবে।

গাভাস্কার আরো যোগ করেন, আইপিএল ও বিশ্বকাপ শেষ করেই এশিয়ার ক্রিকেটাররা সংযুক্ত আরব আমিরাতে চলে যেতে পারবেন। সেখানে ডিসেম্বরে এশিয়া কাপে তারা অংশগ্রহণ করতে পারবে। আমার মনে হয় সেপ্টেম্বরের চেয়ে উত্তম সময়েই টুর্নামেন্টটি সেখানে অনুষ্ঠিত হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!