ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঋণ পরিশোধে ব্যর্থ, প্ররোচনায় প্রাণ দিলেন নারী!

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৪, ২ নভেম্বর ২০১৯
ঋণ পরিশোধে ব্যর্থ, প্ররোচনায় প্রাণ দিলেন নারী!
নাজমা আক্তার

কুমিল্লার দাউদকান্দিতে ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় এনজিওকর্মীদের প্ররোচনায় এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে উপজেলার গৌরিপুর গ্রামের পূর্বপাড়া মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত নাজমা আক্তার ওই গ্রামের সফিকুল ইসলামের স্ত্রী। 

প্রতিবেশী রানু বেগম জানান, নাজমা গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক, দিশা ব্যাংক, ব্রাক ব্যাংক ও ইসলামী ব্যাংক থেকে ঋণ নেন। তার চার মেয়ের মধ্যে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন, দুই মেয়ে স্কুলে লেখাপড়া করছে। স্বামী সফিকুল স্থানীয় বাজারে মাছের ব্যবসা করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি নাজমা এনজিওর ঋণ সঠিক সময়ে পরিশোধ করতে পারছিলেন না। শুক্রবার আশা ব্যাংক ও গ্রামীণ ব্যাংকের কিস্তির তারিখ ছিল। নাজমা কিস্তির টাকা দিতে না পারায় আশা ব্যাংক ও গ্রামীণ ব্যাংকের লোক তার বাড়িতে এসে গালমন্দ করতে থাকে। এক পর্যায়ে তার মেয়েদের সম্পর্কে খারাপ মন্তব্য করে। এছাড়া ‘টাকা না দিতে পারলে মরে যান, মরে গেলে টাকা মাফ হয়ে যাবে’ বলে যান ওই দুই কর্মী। 

তিনি আরো জানান, এনজিও কর্মীরা যাওয়ার পর নাজমা ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটি করতে থাকেন। শনিবার সকালে ঘরে থাকা ছারপোকা মারার ট্যাবলেট খেয়ে ফেলেন তিনি। পরিবারের লোক বিষয়টি টের পেয়ে তাকে গৌরিপুর মুক্তি মেডিকেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নাজমার মরদেহ বাড়িতে আনা হয়। তবে বিকেলে নাজমার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

দাউদকান্দি থানার ওসি মো রফিকুল ইসলাম জানান, অপমৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!