আখাউড়া বন্দরে করোনাভাইরাস সতর্কতা, হেলথ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে করোনাভাইরাস শনাক্তে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। বন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে বসানো হয়েছে হেলথ ডেস্ক।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনাভাইরাস শনাক্তে ২৬ জানুয়ারি আখাউড়া বন্দরের আর্ন্তজাতিক ইমিগ্রেশন চেকপোস্টে হেলথ ডেক্স বসানো হয়েছে। তবে একটি থার্মোমিটার ও স্টেথোস্কোপ ছাড়া ভাইরাস শনাক্তের বিশেষ কোনো যন্ত্র স্বাস্থ্যকর্মীদের কাছে নেই।
আরো জানা গেছে, এ চেকপোস্ট দিয়ে প্রতিদিন ১০০০-১৫০০ যাত্রী যাতায়াত করেন। তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হেলথ ডেস্কে ধারাবাহিক প্রক্রিয়ায় একজন করে মেডিকেল টেকনোলজিস্ট ও কমিউনিটি হেলথ প্রোপ্রাইটর দায়িত্ব পালন করছেন।
হেলথ ডেস্কের মেডিকেল টেকনোলজিস্ট গকুল চন্দ্র মণ্ডল বলেন, করোনাভাইরাস শনাক্তে আমরা সতর্ক রয়েছি। যাত্রীদের জ্বর, সর্দি, কাশি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কারো এসব সমস্যা পাওয়া গেলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম বলেন, করোনাভাইরাস পরীক্ষার জন্য আমাদের থার্মাল স্ক্যানার প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।