ব্রাহ্মণবাড়িয়ায় পুরুষশূন্য গ্রাম, চলে যাচ্ছে নারী ও শিশুরাও
১৪ সেপ্টেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুইপক্ষের সংঘর্ষ বাঁধে। এর জেরে এখনো আতঙ্কিত গ্রামবাসী। অনেকে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে অন্য গ্রামে।
শেখ সামসু মিয়া নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে অন্যপক্ষ। সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের বুড্ডা গ্রামে এই ঘটনা ঘটে।
এতে আতঙ্কিত হয়ে নারী ও শিশুরা গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যাচ্ছে। পুরুষশূন্য হয়ে পড়েছে পুরো গ্রাম। ফলে এলাকার ব্যবসা বাণিজ্য এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমও ব্যহত হচ্ছে।
আধিপত্য বিস্তার নিয়ে বুড্ডা গ্রামের অলি আহাদ মৃধা মেম্বার ও শামসু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ১৪ সেপ্টেম্বর বুড্ডা গ্রামে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় সামসু মিয়া নিহত হন। এরপর থেকে নিহত সামসু মিয়ার লোকজন প্রতিনিয়তই অলি আহাদ মৃধা মেম্বারের লোকজনদের বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালাচ্ছে।
এ বিষয়ে সরাইল থানার ওসি মো. শাহদাৎ হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমএইচ