পুরনো দায়িত্বে উপমহাদেশে ফিরছেন হোয়াটমোর
বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে অনেক গভীরভাবেই মিশে আছে কোচ ডেভ হোয়াটমোরের নাম। সাকিব-তামিম-মুশফিকদের গড়ে তোলার পাশাপাশি তার সময়েই নিজেদের শক্তিমত্তার কথা আলাদাভাবে জানান দিতে শুরু করেছিল টাইগাররা। বাংলাদেশের কোচ হিসেবে বহু আগেই দায়িত্ব ছেড়েছেন তিনি। ফের কোচ হয়েই এই উপমহাদেশে আসছেন হোয়াটমোর। তবে বাংলাদেশে নয়, এই বর্ষীয়ান কোচ ভারতের বারোদা ক্রিকেট একাডেমিতে যোগ দিচ্ছেন।
শ্রীলংকাকে ১৯৯৬ বিশ্বকাপ জিতিয়েই প্রথমবার আলোচনায় আসেন হোয়াটমোর। এরপর বাংলাদেশ ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন দলকে কোচিং করিয়েছেন। এর আগেও বিভিন্ন মেয়াদে ভারতে কাজ করেছেন। মূলত তার হাত ধরেই রাজ্য ক্রিকেটে তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা উঠে আসছেন।
এর আগে কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্ব নিয়ে সাফল্যের সঙ্গে তিন বছর দায়িত্ব পালন করেন হোয়াটমোর। এবার বারোদা দলের প্রধান কোচের পাশাপাশি ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে কাজ করবেন তিনি।
এ বিষয়ে হোয়াটমোর বলেন, আমি মূলত বারোদার সিনিয়র দলের কোচ হচ্ছি। তবে এর পাশাপাশি অনূর্ধ্ব-১৯ ও ২৩ দল গড়ে তোলার দায়িত্বও পালন করবো। স্থানীয় কোচরা আমার সঙ্গে থাকবেন। আমার চুক্তির মেয়াদ দুই বছর।
শ্রীলংকা ও বাংলাদেশ ছাড়া পাকিস্তান ও জিম্বাবুয়ে জাতীয় দলে কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন হোয়াটমোর। এছাড়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েও কাজ করেছেন তিনি।