ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

এবার রাতের খাবারও মিলবে জাবির ক্যাফেটেরিয়ায়

আরিফুল ইসলাম আরিফ, জাবি
প্রকাশিত: ১২:১২, ১৬ অক্টোবর ২০১৯
এবার রাতের খাবারও মিলবে জাবির ক্যাফেটেরিয়ায়
ডেইলি বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় বিকেলের নাস্তা চালুর পর এবার রাতের খাবারও চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আগামী ২০ অক্টোবর থেকে ক্যাফেটেরিয়ায় রাতের খাবার পাওয়া যাবে। ওই দিন থেকে ক্যাফেটেরিয়ায় রাত ১০টা পর্যন্ত রাতের খাবার খেতে পারবেন শিক্ষার্থীরা।

বুধবার ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালক অধ্যাপক বশির আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০ অক্টোবর থেকে রাতের খাবারে ভাত, মাছ, মুরগির মাংস, সবজি, তেহারি, পোলাও, গরুর মাংস, খিচুরি ও ডিম খেতে পারবেন শিক্ষার্থীরা। ভাত ও মাছের মূল্য ৪০ টাকা, ভাত ও মুরগির মাংস ৪৫ টাকা, তেহারি ৬০ টাকা, খিচুরি ও ডিম ৩৫ টাকা এবং পোলাও ও গরুর মাংস ৭০ টাকা দাম রাখা হয়েছে।

গত ১৩ অক্টোবর প্রভোস্ট কমিটির সভায় অন্যান্য কয়েকটি বিষয়ের সাথে ক্যাফেটেরিয়া রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপর ক্যাফেটেরিয়ার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করে ২০ অক্টোবর থেকে ক্যাফেটেরিয়ায় রাতের খাবারে ওইসব আইটেম রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে অধ্যাপক বশির আহমেদ বলেন, বটতলার খাবার হোটেলগুলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বাসী খাবার রাখা, মূল্য বেশি রাখাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এজন্য আমরা চেষ্টা করছি শিক্ষার্থীরা যেন ক্যাফেটেরিয়ায় সুলভমূল্যে ভালো মানের খাবার খেতে পারে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!