আর মাদক বিক্রি করবেন না বলে তওবা করলেন মাদক ব্যবসায়ী
আর মাদক বিক্রি করবেন না বলে ইমামের কাছে তওবা করলেন এক মাদক ব্যবসায়ী। শুক্রবার জুমার নামাজের আগে মামুন মিজি (৩০) এক মাদক ব্যবসায়ী মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদের কাছে ক্ষমা চাইলেন।
একই সময় ওই মাদক ব্যবসায়ী মসজিদের ইমামের হাত ধরে তওবা করেন। চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় মিজি বাড়ি জুমা মসজিদে এ ঘটনা ঘটে।
মামুন মিজি ওই এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
মামুন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে এ ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত। সম্প্রতি পুলিশের মাদক বিরোধী চিরুনি অভিযানে মামুন এলাকা ছাড়া ছিল। তার পরিবার তাকে বহুবার চেষ্টা করে এ ব্যবসা থেকে ফেরাতে পারেনি।
হাজীগঞ্জ থানা পুলিশ জানান, মাদক, বাল্যবিয়ে গুজবসহ বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিক কাজের অংশ হিসেবে শুক্রবার পৌর এলাকার টোরাগড় মিজি বাড়ি জামে মসজিদে মুসল্লিদের মাঝে বক্তব্য রাখেন ওসি আলমগীর হোসেন।
ওসির বক্তব্য শেষ হওয়া মাত্র মুসল্লি হিসেবে নামাজ পড়তে আসা হঠাৎ মামুন মসজিদে দাঁড়িয়ে হাতজোড় করে আর মাদক বিক্রি করবে বলে প্রতিজ্ঞা করে। এর পরেই মুসল্লিরা তাকে তওবা করানোর জন্য ইমামকে অনুরোধ করেন। মামুনের এ ঘটনায় সবাই হতবাক হয়ে মামুনকে বাহবা দিতে থাকে।
মামুনের ক্ষমা ও তওবা করার বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন বলেন, সে তওবা ও ক্ষমা চাইলেই আমরা তাকে আইনি ছাড় দিতে পারি না। তবে ভবিষ্যতে মাদক বিক্রি করে কিনা এ বিষয়ে আমাদের নজরদারি অব্যাহত থাকবে। আর সে ভালো হলে আমাদের কাছে ভালো লাগবে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ