তিন শাবকসহ বাঘের তৃষ্ণা মেটানোর ভিডিও ভাইরাল!
নদীর পাড়েই সার দিয়ে দাঁড়িয়ে তেষ্টা মেটাচ্ছে বাঘ। একা নয়, সঙ্গে তিন ছানাও। নেটিজেনদের সঙ্গে এই সুন্দর দৃশ্য ভাগ করে নেয়ার উদ্দেশে ভারতীয় বনবিভাগের এক কর্মকর্তা সুশান্ত নন্দ এই ভিডিওটি শেয়ার করেছেন।
ভিডিওটি তোলা হয়েছিল, মহারাষ্ট্রের তাডোবায় এবং তিনটি বাঘশাবক সহ বড় বাঘটিকে স্পষ্ট দেখা গেছে ওই ভিডিওতে।
জানা গেছে ভিডিওটি শ্যুট করা হয় ২০১৮ সালে। অজিত কুলকার্নি এই ভিডিওটি ক্যামেরাবন্দি করেছিলেন। সম্প্রতি যখন সুশান্ত নন্দ ফের টুইটারে পোস্ট করেন এটি, তখন তা ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যাচ্ছে বড় বাঘটি তার তিনটি বাচ্চার সঙ্গে পানি খেতে এসেছে নদীর ধারে। সংক্ষিপ্ত এই ভিডিও ক্লিপটি পোস্ট করার সময়, সুশান্ত নন্দ বাঘের বিভিন্ন তথ্য সম্পর্কিত একটি স্নিপেটও শেয়ার করেছিলেন।
তিনি জানিয়েছেন, বাঘ খাবার ছাড়া দুই সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে, তবে পানি ছাড়া সর্বোচ্চ মাত্র চার দিন বাঁচতে পারে বাঘ।
বাঘের পরিবারের এই ভিডিওটি অনলাইনে শেয়ার হওয়ার পর থেকে ১০, হাজার বার দেখা হয়েছে। এতে প্রচুর মানুষ একাধিক মজার মজার মন্তব্য করেছেন। একজন লিখেছেন, দিনের সেরা উপহার।