ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাতিল কাতারের আইসিসির সভা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫১, ৮ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাতিল কাতারের আইসিসির সভা
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ এবার পড়ল ক্রিকেটের অন্দরমহলেও। কাতারের দোহায় আগামী ২৫ থেকে ২৭ মার্চ অনুষ্ঠেয় আইসিসির বোর্ড সভা স্থগিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা আর যুদ্ধাবস্থার কারণেই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছে। 

গত ২২ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছিল, কাতারের ক্রিকেটের প্রতি ক্রমবর্ধমান আগ্রহ আর দেশটির ক্রীড়া কাঠামোর সঙ্গে সখ্য বাড়াতেই দোহাকে বোর্ড সভার জন্য বেছে নেওয়া হয়েছে।

আইসিসি জানিয়েছে, এপ্রিলের কোনো এক সময়ে এই সভাটি আবারও আয়োজনের চেষ্টা করা হবে। তবে নতুন কোনো তারিখ বা ভেন্যুর নাম এখনো চূড়ান্ত হয়নি।

Advertisement

আইসিসির বোর্ড সভায় যে বড় বড় কর্তারা দোহায় গোলটেবিলে বসতেন, তাদের অনেকেই এখন গুজরাটের আহমেদাবাদে। আইসিসি চেয়ারম্যান জয় শাহর ঘরের মাঠে আজ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। নিউজিল্যান্ড ফাইনালে ওঠায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ভিভিআইপি বক্সে থাকছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রজার টুজও।
শুধু টুজ নন, জিম্বাবুয়ে ক্রিকেটের তাভেঙ্গওয়া মুকুলানি কিংবা দক্ষিণ আফ্রিকার ড. মোহাম্মদ মুসাজিরাও আসছেন গ্যালারির জৌলুস বাড়াতে। তবে আহমেদাবাদের এই চাঁদের হাটে দেখা যাবে না বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে। তিনি বর্তমানে পরিবারকে সময় দিতে মেলবোর্নে অবস্থান করছেন। ক্রিকবাজ জানিয়েছে, পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভিকেও আজকের ফাইনালে দেখা যাওয়ার সম্ভাবনা নেই।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!