ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের চিহ্নিত করা হবে: বাফুফে সভাপতি 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০০, ২০ ডিসেম্বর ২০২৪
প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের চিহ্নিত করা হবে: বাফুফে সভাপতি 
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার জন্য ফিফার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী। ফুটবল অঙ্গনে এমন সংবাদ যেন এনে দিয়েছে আনন্দের জোয়ার। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির মিডফিল্ডারের লাল-সবুজের জার্সিতে খেলার ছাড়পত্র পাওয়া নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় গুলশানে নিজ বাসভবনে গণমাধ্যমের মুখোমুখি হন বাফুফে সভাপতি। এ সময় তিনি বাংলাদেশের সঙ্গে শেকড়ের সম্পর্ক থাকা প্রবাসী ফুটবলারদের খুঁজে বের করে জাতীয় দলে আনার প্রতি জোর দেন। 

তাবিথ আউয়াল বলেন, ‘অনেক ভালো ভালো বাংলাদেশি অরিজিন খেলোয়াড় রয়েছেন, হতে পারে তারা বিদেশের মাটিতে খেলে। তাদের ব্যাপারেও আমরা অনুসন্ধান পেয়েছি। আশা করি আগামী যাত্রাগুলোতে আমাদের প্রবাসী বাংলাদেশিরা যেরকম বাংলাদেশ জাতীয় দলে খেলছে, আমরা এরকম আরো কিছু প্রবাসী বাংলাদেশিকে চিহ্নিত করে অনুপ্রাণিত করতে পারবো। একই সঙ্গে আমাদের লক্ষ্য থাকবে যে গণমাধ্যমের ভাইদের সাথে আরেকটু ঘনিষ্ঠভাবে কাজ করা, বিভিন্ন তথ্য বিস্তারিত শেয়ার করা।’

Advertisement

ফুটবলারদের নিয়ে প্রচারণা কম হওয়ার বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য করেন বাফুফে সভাপতি। দলের পারফরম্যান্স ভালো হলেই কেমন তাদের নিয়ে আলোচনা ও হাইপ সৃষ্টি হলেও বাকি সময়ে তেমনটা পরিলক্ষিত হয় না বলে তার দাবি।  

‘আমরা অনেক সময় দলের, ফেডারেশনের কর্তৃপক্ষ, সরকারি ব্যক্তিদের উপর নজর রাখি। আমাদের খেলোয়াড়দের উপরে খুব কম তথ্য আর হাইপ তৈরি করি। কেউ জিতলে তখন প্রচারটা করি। দল ভালো খেলতে না পারলে খেলোয়াড়দের প্রচারটা কম করি। ফেডারেশন গণমাধ্যমের সঙ্গে আরেকটু আন্তরিকভাবে কাজ করতে চেষ্টা করবে। যেন প্রত্যেকটা খেলোয়াড়ের ব্যাপারে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়। যেকোনো গণমাধ্যম প্রতিষ্ঠান তার মতো করে ঐ খেলোয়াড়টাকে আরেকটু প্রোফাইলটাকে বাড়াতে পারে এবং আন্তর্জাতিকভাবে তাকে তুলে ধরতে পারে।’
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!