আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষায় থাকলেও, বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। খবর এনডিটিভির। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে তিনি বলেছেন, পাকিস্তানের হাইব্রিড মডেল মেনে নেয়া পিসিবির পরাজয়।
তিনি আরো বলেন, আইসিসি পিসিবিকে ‘ললিপপ’ দিয়েছে, যাতে বোর্ড তাদের শর্ত মেনে নেয়।
.png)
বাসিত আলী বলেন, “এখন বলা হচ্ছে, ২০২৭ এবং ২০২৮ সালে পাকিস্তান দুইটি নারী ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে। এটা দেখে সবাই বলবে, ‘দারুণ তো!’ তবে এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের কোনো বাস্তব লাভ নেই। পিসিবি যদি এই ললিপপ নিয়ে নেয়, তারা সব হারাবে।”
চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। পিসিবি এই মডেল মেনে নিয়েছে কারণ, ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কোনো ম্যাচ ভারতে আয়োজিত হবে না। বরং পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলংকায় হবে বলে নিশ্চিত করেছে আইসিসি।
বাসিত আলীর দাবি, নারী ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজন পিসিবিকে আর্থিক বা কৌশলগতভাবে লাভবান করবে না। তিনি মনে করেন, আইসিসির এই প্রস্তাবগুলো কেবলমাত্র পাকিস্তানকে খুশি করার চেষ্টা।