এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২৪ রানের জয়ের লক্ষ্যে নামা আইরিশদের স্কোর ১০ ওভারে ৩ উইকেটে ৬৬ রান। এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (৯ ডিসেম্বর) সকালে টসে হেরে ব্যাটিংয়ে নামা টিম টাইগ্রেস ৭ উইকেটে ১২৩ রানের বেশি তুলতে পারেনি।
বিনা উইকেটে ৫৫ থেকে দ্রুত আয়ারল্যান্ডের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৬৪ রান। ২৮ রান করা হান্টারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জান্নাতুল ফেরদৌস সুমনা। এরপর ২১ রান করা লুইসের উইকেট শিকার করেন রাবেয়া খান। রানের খাতা না খুলেই বিদায় নেন লিয়া পল। তিনি মুর্শিদা খাতুনের সরাসরি থ্রোয়ে রান আউট হন।
.png)
প্রথম দুই হেরে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ নারী দল। শেষ ম্যাচ জিতে লাল-সবুজের দলের হোয়াইটওয়াশ এড়ানো লক্ষ্যে শুরুটা ভালো হয়েছিল। প্রথম ৬ ওভারে স্কোর ছিল এক উইকেটে ৪৯ রান।
সোবহানা মোস্তারির সঙ্গে একাদশে ফেরা মুর্শিদা খাতুন উদ্বোধনী জুটিতে ৩৪ রান যোগ করেন। ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে ওরলা প্রেন্ডারগাস্ট হাতে ফিরতি ক্যাচ দেওয়ার আগে মুর্শিদার ব্যাটে আসে ১২ রান।
তিনে নামা শারমিন আক্তার সুপ্তা ৩৩ বলে ৪টি চারে ৩৪ রানের ইনিংস খেলার পর স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন। এর আগে তিনি দ্বিতীয় উইকেটে সোবহানার সঙ্গে ৭১ রানের জুটি গড়েন। ওপেনার সোবহানা ৪৩ বলে ৬ চারে দলের হয়ে সর্বাধিক ৪৫ রান করে বিদায় নেন।
সুপ্তার বিদায়ের পর থেকে চলতে থাকে ব্যাটারদের আসা-যাওয়ার পালা। ১৩ ওভারে বাঘিনীদের সংগ্রহ ছিল এক উইকেটে ১০০ রান। শেষ সাত ওভারে মাতে ২৩ রান নিতেই তারা চরম ব্যাটিং বিপর্যয়ে ৬ উইকেট হারিয়ে বসে। প্রথম তিন ব্যাটারের পর বাকিরা দুই অংকের ঘরে যেতে ব্যর্থ হন।
আয়ারল্যান্ডের পক্ষে বল হাতে ঝলসে ওঠা ওরলা প্রেন্ডারগাস্ট ২২ রান খরচায় পান ৪ উইকেট। ২ উইকেট নেন এমি মাগুইরে।