সিলেটের চা শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে এমনই অভিনব কায়দায় বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের টি-২০ সিরিজের ট্রফি উন্মোচনের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর দেড়টায় সিলেটের মালনীছড়া চা বাগানে এই ট্রফি উন্মোচনের আয়োজন করা হয়।

.png)
ট্রফি উন্মোচনের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, সিলেটের মাঠে আমরা আগেও খেলেছি। যেহেতু ফরম্যাটটা ভিন্ন, সেহেতু প্রতিপক্ষকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। প্রতি ম্যাচে পরিকল্পনা মাফিক কাজ করাই বুদ্ধিমানের হবে।
তিনি আরো বলেন, টি-২০ ফরম্যাটে আমাদের দলে কিছুটা পরিবর্তন রয়েছে। আমি টিমের বিষয়ে আত্মবিশ্বাসী। দল এখন ভালো ফর্মে আছে। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে কি না। পাশাপাশি ভিন্ন ফরম্যাট ও ভিন্ন আবহাওয়া। আমাদের অবশ্যই পরিকল্পনার সঙ্গে কাজ করতে হবে।
প্রথম ম্যাচটা বাংলাদেশ দলের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে বাংলাদেশ অধিনায়ক বলেন, ওয়ানডেতে যেটা হয়েছে, প্রথম ম্যাচ ভালো খেলার কারণে অনেকটাই এগিয়ে গেছে। আমাদের মাথায় থাকবে প্রথম ম্যাচটা যেন আমরা ভালোভাবে জিততে পারি। অবশ্যই আমরা সিরিজ জেতার আশা রাখি। আমরা এখন অন্যরকম একটা পিকে আছি। এখন আমরা ভালো একটা ফল করতে পারলে দলের জন্য ভালো একটা অর্জন হবে। আমরা অনেক বেশি পজেটিভ। আমরা কনফিডেন্ড, তবে অভার কনফিডেন্ট না। আমরা দলের সবাই মিলে কন্ট্রিবিউট করলে জয়ের সম্ভাবনা বেড়ে যায়।
এদিকে, ওয়ানডে সিরিজে কঠিন সপ্তাহ পার করার পরও টি-২০ সিরিজ জিততে অনেকটাই আত্মবিশ্বাসী আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। এদিন, সকাল ১০টায় সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে নামে আয়ারল্যান্ড দল। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন আইরিশ অধিনায়ক।

তিনি বলেন, টি-২০ সিরিজ নিয়ে আমরা খুবই উৎসাহিত। ওডিআই সিরিজের সপ্তাহটি অবশ্যই খুব কঠিন ছিল। তবে আমরা এখন টি-২০ ফরম্যাটে মনোনিবেশ করতে চাই। টি-২০ গেমে আমাদের আত্মবিশ্বাস অনেক। এই ফরম্যাট আমাদের জন্য খুবই রোমাঞ্চকর। বিশেষ করে এই সিরিজ জেতার জন্য আমরা কীভাবে এগোব, তা নিয়ে পরিকল্পনা করেছি।
এক প্রশ্নের জবাবে আইরিশ অধিনায়ক বলেন, আমি মনে করি আমরা ওডিআই থেকে অনেক কিছু শিখেছি। তবে এত বেশি হতাশ হয়ে বসে থাকার কিছু নেই। আমাদের মনোবল শক্ত রাখতে হবে। যতটা সম্ভব আক্রমণাত্মক খেলতে হবে টি-২০ ফরম্যাটে। গ্রীষ্মের সময় আমাদের যেভাবে দারুণ সাফল্য এসেছিল, সেই স্টাইলেই খেলার চেষ্টা করব।
ঢাকার অভিজ্ঞতার বিষয়ে তিনি বলেন, আমরা ঢাকা বেশ উপভোগ করেছি। বিশেষ করে রিকশা রাইড এবং এ ধরনের অভিজ্ঞতা দারুণ ছিল। সিলেটের পিচটি অনেক বেশি সবুজ লাগছে, যা দারুণ। আশা করি আমরা আরো কিছু ভালো খেলতে পারব।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ২টায় টি-২০ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ ৭ ডিসেম্বর এবং তৃতীয় ও শেষটি হবে ৯ ডিসেম্বর। তৃতীয় ম্যাচ সকাল ১০টায় শুরু হবে।