ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তানজিম সাকিবের অনুশীলনের উইকেট নিয়ে আপত্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৭, ৫ নভেম্বর ২০২৪
তানজিম সাকিবের অনুশীলনের উইকেট নিয়ে আপত্তি
তানজিম হাসান সাকিব

দেশের অনুশীলন উইকেট  নিয়ে আপত্তি জানিয়েছেন তানজিম হাসান সাকিব। ডানহাতি এই টাইগার পেসারের মতে ম্যাচে যে উইকেটে খেলা হয়, তার সঙ্গে অনুশীলনের উইকেটের বেশ পার্থক্য থাকে। যার ফলে  ক্রিকেটারদের ভুলের পরিমাণ কমছে না বলেও তিনি অভিমত দেন।

দেশের বেসরকারি এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের উইকেটগুলো ধীরগতির থাকে। একটু স্টিকি থাকে। ওখানের উইকেটগুলো অনেক বেশি দারুণভাবে ব্যাটে আসে। বাউন্সগুলো একেবারে ঠিকঠাক বাউন্স। যেটা আমাদের উইকেটে একটু কম হয়, উঠা-নামা করে।’ 

ভারত সফরে তানজিম সাকিব দেখেছেন, ম্যাচ আর অনুশীলন উইকেটের মধ্যে পার্থক্য নেই। ক্রিকেটারদের ভুলের পরিমাণ কমাতে হলে, ভারতের মতো প্রকৃত উইকেটে অনুশীলনের বিকল্প নেই বলে তিনি মনে করেন।
তার ভাষ্য, ‘আমরা আমাদের দেশে যদি এমন উইকেট ঘরোয়া খেলায় বা অনুশীলনে পাই, তখন দেখা যাবে আমাদের ভুলের পরিমাণ কমে যাবে।’ 

Advertisement

টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ার বিপক্ষে দুই ম্যাচে ৫ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তানজিম সাকিব। তবে রান দিয়েছেন প্রচুর, ইকোনমি রেট সাড়ে ১৪। তরুণ এই ক্রিকেটার অবশ্য হতাশায় ডুবতে নারাজ। সফরটিকে নিজের ক্যারিয়ারের প্রাপ্তি হিসেবেই দেখছেন।

‘আমার এটাই লক্ষ্য, শীর্ষ পর্যায়ে আধিপত্য দেখিয়ে বোলিং করা। আমি সেভাবেই নিজেকে প্রস্তুত করছি। ভারত সফরে আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। আমি মনে করি ভারত সফর আমার জন্য অনেক বড় প্রাপ্তি। সেখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। শেখাটাই আসল ব্যাপার।’ 

জাতীয় লিগে খেলার সময় কাঁধে চোট পাওয়ায় আফগানিস্তান সিরিজ মিস করছেন। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে শতভাগ ফিট হওয়ার চেষ্টায় তানজিম সাকিব।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!