হায়দরাবাদে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার অপেক্ষায় মাহমুদউল্লাহ রিয়াদ। উপলক্ষটিকে রাঙিয়ে জয় দিয়েই ভারত সফর শেষ করতে চায় বাংলাদেশ দল। ব্যাটিং-বোলিংয়ের হতশ্রী পারফরম্যান্স খুব বেশি আশার পালে হাওয়া লাগাচ্ছে না। তার উপর খেলার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে বৃষ্টি।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় রাজীব গান্ধী স্টেডিয়ামে গড়াতে যাওয়া খেলা শুরুর আগে বৃষ্টি হতে পারে। অ্যাকুয়াওয়েদার জানাচ্ছে, হায়দরাবাদ শহরে শনিবার বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। তাপমাত্রা প্রায় ২৩-৩০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
.png)
দুশ্চিন্তার মাঝেও রয়েছে সুখবর। দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যায় আকাশের বেশিরভাগ অংশ পরিষ্কার থাকবে। যদিও স্থানীয় সময় রাত ১০টার (বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টা) আকাশ মেঘে ঢাকা থাকার কথা বলা হয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ প্রায় ৮০ শতাংশে দাঁড়াবে।
ম্যাচ শুরুর আগে বৃষ্টি নামা সাপেক্ষে আউটফিল্ড ভেজা থাকলে ম্যাচ শুরু হতে বিলম্ব হতে পারে। যদিও স্টেডিয়ামটিতে সকল আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে এবং নিয়মিত আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হয়। তাই খেলা পণ্ডের শঙ্কা তেমন একটা নেই।